২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ: তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়াল

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ও মধ্যপ্রাচ্যের তেল স্থাপনাগুলোতে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরান যুদ্ধ: তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়াল
ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় পারস্য উপসাগরে বহু তেলবাহী ট্যাংকার আটকা পড়ে আছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 02:30 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর এর প্রভাবে বাড়তে থাকা বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে উল্লম্ফন ঘটেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় ও মধ্যপ্রাচ্যের তেল স্থাপনাগুলোতে একের পর এক হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

এ পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে রোববার এক পর্যায়ে অপরিশোধিত তেলের একটি প্রধান আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দর ২৪ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৪ ডলারে উঠে গিয়েছিল।

আল জাজিরা জানিয়েছে, পরদিন সোমবার ০২:৩০ জিএমটিতে এই দর কিছুটা কমে ১০৭ দশমিক ৫০ ডলারে নামে। 

২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো তেলের ব্যারেল প্রতি দর ১০০ ডলার ছাড়াল।

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো নিয়ে ব্যাপক প্রচার চালালেও তেলের দামের হঠাৎ বৃদ্ধিকে এখন আমলে নিচ্ছেন না। 

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, “স্বল্প সময়ের জন্য তেলের এই মূল্য যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য খুব একটা বেশি না। ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস হলেই এই দর দ্রুত কমে যাবে।”

বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় বিশ্বের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই জলপথের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধের কারণে এক সপ্তাহ ধরে ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংঙ্কীর্ণ জলপথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার ক্রমেই অস্থির হয়ে উঠেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। মার্কিন, ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে ইরান। 

ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম বৃহৎ উৎপাদনকারী ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত হরমুজ প্রণালি বন্ধ থাকায় উৎপাদন হ্রাস করতে বাধ্য হয়েছে। কাতার, সৌদি আরব ও কুয়েতসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণের কারণে তেল সরবরাহ আরও হুমকির মুখে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শনিবার ইসরায়েল প্রথমবারের মতো ইরানের তেল অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে। 

উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানি হামলার ঢেউয়ে আরেক ব্যস্ত রাত