১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানি হামলার ঢেউয়ে আরেক ব্যস্ত রাত

প্রতিবেশী কাতারের পাশাপাশি একই রাতে উপসাগরীয় অন্য আরব দেশগুলোতেও হামলার ঢেউ বইয়ে দিয়েছে ইরান।

উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানি হামলার ঢেউয়ে আরেক ব্যস্ত রাত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহের একটি তেল শিল্পাঞ্চলে ধ্বংস করা একটি ইরানি ড্রোনের অবশিষ্টাংশ পড়ে দুটি তেল ডিপোতে আগুন ধরে যায়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

কাতারের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে ইরানি হামলার হুমকির মাত্রা বাড়ানো হয় আর তাদের মোবাইল ফোনে পাঠানো সতর্ক বার্তাগুলো বন্ধ হয়ে যায়। এর কয়েক মিনিট পরেই তারা বিস্ফোরণের শব্দ শুনতে থাকেন। এগুলো ছিল ইরান থেকে আসতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ করা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শব্দ। 

ওই প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানান, তারা ১২ থেকে ১৩টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর ১০ থেকে ১৫ মিনিট পর হামলার হুমকির মাত্রা হ্রাস করা হয় আর মোবাইল ফোনে বার্তা দিয়ে জানানো হয়, হুমকি নির্মূল করা হয়েছে।   

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্যস্থল করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। 

কাতারের পাশাপাশি একই রাতে উপসাগরীয় অন্য আরব দেশগুলোতেও হামলার ঢেউ বইয়ে দিয়েছে ইরান। 

বাহরাইনের সিতরা এলাকায় সোমবার ভোরে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়। সিতরা এলাকাটি দেশটির রাজধানী মানামার দক্ষিণের একটি এলাকা। আহতদের মধ্যে দুই শিশুসহ চারজনের আঘাত গুরুতর। 

মূলত সিতরায় বাহরাইনের মূল তেল শোধনাগার বাপকো অয়েল রিফাইনারিতে হামলাটি চালানো হয়। এতে দেশটির জ্বালানি খাতের প্রধান এই স্থাপনাটিতে আগুন ধরে যায়। 

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, বাহরাইনের মামির শিল্পাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে। হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতহাত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতকেও আরেকটি ব্যস্ত রাত ও সকাল পার করতে হচ্ছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে। দেশের বিভিন্ন অংশে যে বিস্ফোরণ শোনা যাচ্ছে তা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্রের শব্দ। ইন্টারসেপ্টরগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে আর জঙ্গি বিমানগুলো ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে।  

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহের একটি তেল শিল্পাঞ্চলে বাধা দিয়ে ধ্বংস করা একটি ইরানি ড্রোনের অবশিষ্টাংশ পড়ে দুটি তেল ডিপোতে আগুন ধরে যায়। 

সৌদি আরবও তাদের তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো ইরানি ড্রোন হামলা প্রতিরোধ করার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শায়বাহ তেলক্ষেত্রের দিকে এগোতে থাকা একটি ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।