মিশরে স্তূপ হয়ে জমে আছে গাজার ত্রাণ
গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা জেটি থেকে দুই দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।
রাফা ক্রসিং বন্ধ থাকায় ফিলিস্তিনি ছিটমহল গাজার জন্য আসা ত্রাণের খাদ্য ও ওষুধ মিশরে স্তূপ হয়ে জমে আছে।
এদিকে গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি থেকে দুই দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে সোমবার সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।
জাতিসংঘের জ্যেষ্ঠা ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু জানিয়েছেন, ইসরায়েলের আক্রমণের মধ্যে টিকে থাকা গাজাবাসীদের কোনো অর্থপূর্ণ স্তরের সমর্থন দেওয়ার মতো পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নেই।
তিনি বলেন, “গাজায় যা হচ্ছে তা বর্ণনার ভাষা হারিয়ে ফেলছি আমরা। আমরা এটিকে বিপর্যয়, দুঃস্বপ্ন, নরক বলে বর্ণনা করেছি। এখন পরিস্থিতি ওগুলোর সবই এবং আরও খারাপ।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি জানান, গাজা-মিশর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ থাকায় অন্তত ৮২ হাজার মেট্রিক টন সরবরাহ মিশরে স্তূপ হয়ে আছে আর ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়ে ‘শত্রুতা, চ্যালেঞ্জিং লজিস্টিক অবস্থা ও জটিল সমন্বয় প্রক্রিয়ায়’ কারণে ত্রাণ প্রবেশ সীমিত হয়ে আছে।
সোমবার মিশর জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ত্রাণকর্মীদের ওপর হুমকি থাকায় রাফা ক্রসিং বন্ধ আছে।
ইসরায়েল রাফায় সামরিক অভিযান শুরু করার পর থেকে দক্ষিণ গাজায় ত্রাণ প্রবেশ বিঘ্নিত হচ্ছে। ইসরায়েলের অভিযানের মুখে রাফা থেকে ৯ লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান নিরপত্তা পরিষদকে জানিয়েছেন, রাফায় হামাসের পিছু নেওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প ছিল না আর সক্রিয় যুদ্ধ ক্ষেত্র থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার নিন্দা না করে সমর্থন করা উচিত। কারণ তাতে তারা অন্তত মারা যাবে না।
কিন্তু ফিলিস্তিনিদের যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেই নতুন এলাকাগুলোতেও তাদের অবস্থা ভয়াবহ বলে বর্ণনা করেছেন ওসোর্নু।
গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ।
ওই উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি হয়ে শুক্রবার গাজার ত্রাণ প্রবেশ করতে শুরু করে। জাতিসংঘ এতে সমর্থন জানালেও পরিস্থিতি মোকাবেলায় স্থল পথে ত্রাণ প্রবেশের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে।
জাতিসংঘ বলেছে, ওই ভাসমান জেটি এলাকা থেকে জাতিসংঘের ঠিকাদাররা ১০ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা সরবরাহ করেছিল আর গাজার দিয়ের এল বালাহ এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচীর গুদামে শুক্রবার সেগুলো পৌঁছেছিল।
কিন্তু শনিবার মাত্র পাঁচ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা ওই গুদামটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা। আর রবি ও সোমবার সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন তিনি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভাসমান জেটি দিয়ে প্রাথমিকভাবে দৈনিক ৯০ ট্রাক সরবরাহ পাঠানো যাবে যেটি পরে ১৫০ ট্রাক পর্যন্ত হতে পারবে। জাতিসংঘ জানিয়েছে, গাজার জন্য দৈনিক অন্তত ৫০০ ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন:
