২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজায় ভাসমান ঘাটে পৌঁছেছে ত্রাণের প্রথম চালান, জানাল যুক্তরাষ্ট্র

সীমান্ত ক্রসিংগুলোতে ইসরায়েলের কড়াকড়ি এবং তুমুল লড়াইয়ের ফলে খাবার ও অন্যান্য ত্রাণ গাজায় পৌঁছতে সমস্যার মধ্যে সমুদ্রপথে এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

গাজায় ভাসমান ঘাটে পৌঁছেছে ত্রাণের প্রথম চালান, জানাল যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 05:59 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি নতুন ভাসমান ঘাটে ট্রাকে করে পৌঁছেছে অতীব জরুরি ত্রাণ সহায়তা। শুক্রবার প্রথম এই ত্রাণ গাজায় পৌঁছানোর খবর নিশ্চিত করে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সীমান্ত ক্রসিংগুলোতে ইসরায়েলের কড়াকড়ি এবং তুমুল লড়াইয়ের ফলে খাবার ও অন্যান্য ত্রাণ গাজায় পৌঁছতে সমস্যার মধ্যে এ পথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্সে এক পোস্টে স্থানীয় সময় সকাল ৯ টায় গাজা উপকূলের দিকে ত্রাণের ট্রাক রওনা হওয়ার খবর জানিয়েছে। বলা হয়েছে, সমুদ্রপথে করিডোর দিয়ে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়তি ত্রাণ সরবরাহের এ এক চলমান বহুজাতিক প্রচেষ্টা। উপকূলে কোনও মার্কিন সেনা যায়নি বলেও জানানো হয়েছে পোস্টে।

সমুদ্রপথের এই করিডোর দিয়ে দিনে গাজায় ১৫০ টি ত্রাণবাহী ট্রাক পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তারই প্রথম ধাপে শুক্রবার ভাসমান ঘাটে পাঠানো হয়েছে ত্রাণের ট্রাক।

তবে জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সামুদ্রিক এই করিডোরকে স্থলপথে ত্রাণ পরিবহণের বিকল্প হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কারণ, স্থলপথে আরও অনেক দ্রুত এবং কার্যকরভাবে খাবার, পানি, জ্বালানিসহ সব প্রয়োজনীয় ত্রাণ গাজায় পৌঁছানো যায়।

গাজায় যুদ্ধের আগে দিনে গড়ে ৫০০ টিরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় যেত। যুদ্ধের মধ্যে ত্রাণকাজ বিঘ্নিত হওয়ায় সমুদ্রে ভাসমান ঘাট তৈরি করে যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ সরবরাহের পরিকল্পনা করে।

মার্কিন সেনারা বৃহস্পতিবার ভাসমান ঘাট তৈরির কাজ শেষ করেছে। এর কয়েকঘন্টা পরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেন্টাগন মানবিক ত্রাণ জলদি শুরুর ঘোষণা দেয়।

আগামী দিনগুলোতে গাজায় প্রায় ৫০০ টন ত্রাণ প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।