১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬

পেশোয়ারের সাদ্দার-কোহাট সড়কে ফেডারেল কন্সটাবুলারির (এফসি) সদরদপ্তরের গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে।

পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনী ফেডারেল কন্সটাবুলারির (এফসি) একটি সদরদপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে, জানিয়েছে পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সাদ্দার-কোহাট সড়কে এফসির সদরদপ্তরের গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে।  

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিন আত্মঘাতী বোমারু এফসির সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হন। 

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি করতে করতে সদরদপ্তরটির ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।  

এফসির ডেপুটি কমাডান্ট জাভেদ ইকবাল জানান, এ হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হয়েছেন। 

পরিচয় না প্রকাশ করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এক আত্মঘাতী বোমারু প্রথমে সদরদপ্তরের প্রধান প্রবেশপথে হামলা চালায় আর অন্যরা ভেতরে প্রবেশ করে।

ঘটনাস্থল সাদ্দার-কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছবি: ডন 

ঘটনাস্থল সাদ্দার-কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়

“সেনাবাহিনী ও পুলিশসহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা স্থানটি ঘিরে রেখেছেন আর সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছেন। আমাদের সন্দেহ, কিছু সন্ত্রাসী সদরদপ্তরটির ভেতরে রয়ে গেছে।” 

এই সদরদপ্তরের অবস্থান পেশোয়ারের এক জনাকীর্ণ এলাকায়। এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর একটি ক্যান্টনমেন্ট আছে।     

এই এলাকার বাসিন্দা সফদার খান রয়টার্সকে বলেন, “সাদ্দার-কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন।” 

আহত পাঁচজনের মধ্যে দুইজন এফসি বাহিনীর সদস্য। তাদের সবাইকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ আসিম।  

কোনো জঙ্গি গোষ্ঠী পেশোয়ারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি। গত মাসে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে তৎপর ইসলামপন্থি জঙ্গিরা হামলার মাত্রা বাড়িয়েছে। 

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান শাসকরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর সেখান থেকে সীমান্ত অতিক্রম করে এসে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।