২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহর হামলা দেখিয়ে দিয়েছে ইসরায়েল প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে: ইরান

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের দিকে কয়েকশ’ রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর ইরান এই মন্তব্য করেছে।

রয়টার্স

Published : 26 Aug 2024, 08:56 PM

Updated : 01 Sep 2026, 10:56 AM

এক নজরে

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের দিকে কয়েকশ’ রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর ইরান এই মন্তব্য করেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা দেখিয়ে দিয়েছে যে, ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে এবং এ অঞ্চলের কৌশলগত ভারসাম্য ইসরায়েলের বিপক্ষে চলে গেছে বলে মন্তব্য করেছে ইরান।

সোমবার ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর ইরান একথা বলল। রোববার সকালে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে কয়েকশ’ রকেট ও ড্রোন নিক্ষেপ করে। ওদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা বড় ধরনের হামলা ঠেকাতে লেবাননে প্রায় ১০০ টি জঙ্গি বিমান হামলা চালিয়েছে।

১০ বছরের বেশি সময়ের সীমান্ত লড়াইয়ে এটি ছিল অন্যতম বড় হামলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্সে লেখেন, “যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর পূর্ণ সমর্থন থাকার পরও, ইসরায়েল প্রতিরোধের অক্ষশক্তির একটি সীমিত ও পরিকল্পিত জবাবের সময় ও স্থান সম্পর্কে আঁচ করতে পারেনি। ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে।”

কানানি আরও লেখেন, ইসরায়েলকে এখন অধিকৃত ভূখণ্ডের ভেতরেই নিজেদের রক্ষা করতে হবে এবং কৌশলগত ভারসাম্য এখন ইসরায়েলের প্রতিকূলে মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। যুদ্ধ কোনওভাবে ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়লে হিজবুল্লাহ সমর্থক ইরান এবং ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়ার ঝুঁকি আছে।