আর্মেনিয়ান এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক
কোনও পূর্ব সতর্কতা ছাড়াই ফ্লাইওয়ান আর্মেনিয়ার জন্য তুর্কি আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
আর্মেনিয়ান এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। কোনও পূর্ব সতর্কতা ছাড়াই শনিবার ফ্লাইওয়ান আর্মেনিয়ার জন্য তুর্কি আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
আর্মেনিয়ার সংবাদ সংস্থা আর্মেনপ্রেস এয়ারলাইনটির বোর্ড চেয়ারম্যান আরাম অনন্যানের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
ফ্লাইওনের চেয়ারম্যান আরাম অনন্যান বলেছেন, “কোনও যৌক্তিক কারণ এবং দৃশ্যত কোনও ভিত্তি ছাড়াই তুরস্কের বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইওয়ান আর্মেনিয়া এয়ারলাইন্সকে তুর্কি আকাশসীমার মাধ্যমে ইউরোপে ফ্লাইট পরিচালনা করার জন্য আগের দেওয়া অনুমতি বাতিল করেছে।
“তুরস্কের বিমান চলাচল কর্তৃপক্ষ পূর্ব কোনও ঘোষণা ছাড়াই অনুমতি বাতিলের সিদ্ধান্ত কার্যকর করেছে এবং আমাদের এয়ারলাইন্স ও যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে,” বলেন তিনি।
মলডোভান এয়ারলাইন্স ফ্লাইওয়ানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ফ্লাইওয়ান আর্মেনিয়া ২০২১ সালের ডিসেম্বরে কার্যক্রম শুরু করে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনন্যান আর্মেনপ্রেসকে বলেছিলেন, তাদের বহরে পাঁচটি এয়ারবাস বিমান রয়েছে এবং এগুলো দিয়ে ৮ টি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশের ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
১৯৯০ এর দশক থেকে আর্মেনিয়ার সঙ্গে তুরস্কের কূটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক নেই।
প্রথমত: আধুনিক তুরস্কের পূর্বসূরি অটোমান সাম্রাজ্যের আমলে ১৯১৫ সালে আর্মেনিয়ায় ১৫ লাখ লোককে হত্যার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
আর্মেনিয়া ওই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে দাবি করে থাকে। তবে তুরস্ক এমন অভিযোগ অস্বীকার করেছে।
