অস্কারজয়ী ‘দ্য এলিফেন্ট হুইসপারারস’ নির্মাতাদের বিরুদ্ধে মাহুত দম্পতির মামলা
মামলাটি জুন মাসে হলেও গত মাসে একটি ইউটিউব চ্যানেলে বোম্যান-বেলি দম্পতি এ তথ্যচিত্র নিয়ে কথা বললে বিষয়টি সবার নজরে আসে।
অস্কার জিতে রীতিমত হইচই ফেলে দেওয়া ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপারারস’ এর গল্প যাদের ঘিরে সেই আদিবাসী মাহুত দম্পতি ‘প্রতিশ্রুতি মত অর্থ পাননি’ অভিযোগ তুলে এবার নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছেন।
৪১ মিনিটের এই তথ্যচিত্রের দুই অভিনয় শিল্পী আদিবাসী দম্পতি বোম্যান-বেলি। সিনেমায় তারা ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুর মুডুমুলাই টাইগার রিজার্ভের অনাথ এবং আহত এক শিশু হাতিকে সেবাযত্নে করার দায়িত্ব নিয়েছিলেন।
তথ্যচিত্রটির প্রযোজক গুণীত মঙ্গা এবং পরিচালক কার্তিকী গঞ্জালভেস। নেটফ্লিক্সে প্রকাশিত এই সিনেমাটি বেস্ট ডকুমেন্টরি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে এ বছরের শুরুর দিকে অস্কার জেতে। ভারতে নির্মিত কোনো সিনেমার এটাই প্রথম অস্কার বিজয়।
এই সিনেমা অস্কার জয়ের পর রাতারাতি তারকা বনে যান বোম্যান-বেলি দম্পতি। যারা বাস্তব জীবনেও মাহুত।
সিনেমাটি অস্কার জয়ের পর তামিল নাড়ুর মুখমন্ত্রী এমকে স্ট্যালিন বোম্যান ও বেলি উভয়কে এক লাখ রুপি করে উপহার দেন।
তাছাড়া, গত এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি এলিফ্যান্ট ক্যাম্প প্রদর্শনে গেলে সেখানে বোম্যান-বেলি দম্পতি মোদীর সঙ্গে দেখা করেন।
এখন এই মাহুত দম্পতি পরিচালক কার্তিকী ও প্রযোজক গুণীতের প্রযোজনা কোম্পানি শিক্ষা এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে সিনেমায় তাদের অংশগ্রহণের জন্য ‘প্রতিশ্রুত অর্থ না দেওয়ার’ অভিযোগে মামলা করেছেন।
মামলায় তারা দুই কোটি রুপি ‘সম্মানী’ দাবি করে বলেছেন, এই অর্থ তাদের বাড়ি তৈরি করতে এবং বৃদ্ধ বয়সে জীবন চালাতে প্রয়োজন।
কবে নাগাদ এ মামলার শুনানি শুরু হবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ দম্পতির আইনজীবীরা বলেছেন, তারা লড়াই চালিয়ে যাবেন।
তথ্যচিত্রটির নির্মাতারা সব অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বিবিসি তামিলকে বলেন, তথ্যচিত্র নির্মাণে যাদের অংশগ্রহণ রয়েছে তাদের সবার প্রতি তারা ‘গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন’।
হোয়াটসঅ্যাপে বিবিসি-কে পরিচালক কার্তিকী বলেন, “বোম্যান ও বেলি যেসব অভিযোগ এনেছেন তার সবই মিথ্যা। তাদের অভিযোগে বিন্দুমাত্র সত্যের অস্তিত্ব নেই।”
বিবিসি জানায়, এ দম্পতি গত জুন মাসে নির্মাতাদের আইনী নোটিস পাঠায়। কিন্তু গত মাসে তারা একটি ইউটিউব চ্যানেলকে এ বিষয়ে সাক্ষাৎকার দিলে সেটি ভাইরাল হয়ে যায় এবং মামলার বিষয়টি সবার নজরে আসে।
বোম্যান-বেলি দম্পতি অভিযোগ করেন, সিনেমাটি নির্মাণের সময় নির্মাতারা তাদের নানা ধরণের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে তারা যেগুলো পূরণে ব্যর্থ হয়।
তাদের দাবি, তথ্যচিত্রে অভিনয়ের বিনিময়ে নির্মাতারা তাদের একটি বাড়ি কিনে দেওয়ার এবং আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল।
বিবিসি তামিলকে বোম্যান বলেন, “কার্তিকী গঞ্জালভেস আমাদের সঙ্গে দেখা করে বলেন, তিনি আমাদের উপর একটি তথ্যচিত্র বানাতে চান। ওই সিনেমা যে পুরস্কার জিতে যাবে সেটা আমরা বুঝতেই পারিনি। তিনি যা বলেছেন, আমরা সেটাই করেছি।
“শুটিংয়ের সময় পরিচালক বলেছিলেন, তিনি আমাদের বাড়ি-গাড়ি করে দেবেন।” কিন্তু নিজদের ব্যাংক হিসাব পরীক্ষা করে তারা কোনও অর্থই পাননি বলে জানান।
তারা বলেন, “মুখ্যমন্ত্রীর দেওয়া এক লাখ রুপি এবং সরকারি চাকরি ছাড়া আমরা আর কিছুই পাইনি। গঞ্জালভেস তার কথা রাখেননি। তিনি আমাদের কোনও অর্থ দেননি। তিনি আমাদের জন্য কিছুই করেননি।”
বরং উল্টো সিনেমার শুটিং চালিয়ে যেতে তারা গঞ্জালভেসকে ৪০ হাজার রুপি ধার দিয়েছেন বলেও দাবি করেন বোম্যান। বলেন, পরিচালক তাদের এমনকি সেই অর্থও ফেরত দেয়নি।
গত সপ্তাহে পরিচালক কার্তিকী এবং প্রযোজক গুণীত একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।
এর আগে ২০২১ সালে পরিচালক রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষের তৈরি ভারতীয় তথ্যচিত্র ‘খবর লাহারিয়া’ ২০২২ সালে অস্কার মনোনয়ন পেয়েছিল। সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এই নিউজ সার্ভিসটির সম্পাদক ও প্রতিবেদকদের বেশিরভাগই দলিত, মুসলিম এবং আদিবাসী সম্প্রদায়ের।
২০২২ সালে অস্কার পুরস্কার প্রদানের এক সপ্তাহ আগে ওই মিডিয়া গ্রুপটি তথ্যচিত্র থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তাদের অভিযোগ, দুই পরিচালক তাদের সত্যিকারের লড়াইকে ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে।
ওই দুই পরিচালকও এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
