২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ বর্জন ঝোঁক ভারতে, সিনেমার শুটিং না করার ডাক

ভারত ও মালদ্বীপের মধ্যে ঘোরতর হচ্ছে বিরোধ। একে অপরকে বয়কট করার মতো পরিস্থিতি ঘোঁট পাকিয়ে উঠছে।

মালদ্বীপ বর্জন ঝোঁক ভারতে, সিনেমার শুটিং না করার ডাক

প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 11:46 PM

Updated : 16 Jan 2024, 12:25 AM

সম্প্রতি কয়েক সপ্তাহে ভারত আর মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেই ছিল। তার ওপর মালদ্বীপ থেকে ১৫ মার্চের মধ্যে সব সেনা সরিয়ে নিতে ভারতকে মালে-র দেওয়া আল্টিমেটামে নতুন করে আরেক ধাক্কা খেয়েছে দুই দেশের সম্পর্ক।

ভারত ও মালদ্বীপের মধ্যে ঘোরতর হচ্ছে বিরোধ। একে অপরকে বয়কট করার মতো পরিস্থিতি ঘোঁট পাকিয়ে উঠছে। মালদ্বীপকে বর্জন করার ঝোঁক শুরু হয়েছে ভারতে।ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) রোববার মালদ্বীপে কোনও সিনেমার শুটিং না করতে বলিউডকে আহ্বান জানিয়েছে। 

এআইসিডব্লিউএ বলেছে, সিনেমার শুটিং করতে কিংবা নিছক ছুটি কাটাতে কেউ যেন আর দ্বীপদেশ মালদ্বীপে না যায়। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এআইসিডব্লিউএ সভাপতি সুরেশ শ্যামলাল রোববার এক ভিডিও বার্তায় বলেছেন, মালদ্বীপ নয়, ভারতীয়দের গন্তব্য হোক লাক্ষাদ্বীপ।

বার্তায় তিনি স্যোশাল মিডিয়াতেও মালদ্বীপ সম্পর্কিত কোনও কিছু পোস্ট করতে বারণ করে দেন। শ্যামলাল বলেন, “ভারতে কয়েকটি দ্বীপ আছে। সেদিকে তাকান। মালদ্বীপে যাওয়ার দরকার নেই। দেশের বিরুদ্ধে যারাই যাবে, আমরা তাদের বিরুদ্ধে যাব। আমরা যে কোনও কিছু এমনকী সবকিছু সহ্য করতে পারি। কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে কিছু গেলে তা সহ্য করতে পারি না।”

সুরেশ শ্যামলাল এমন কড়া বার্তা দিলেন রোববার মালদ্বীপের রাজধানী মালে-তে ভারত–মালদ্বীপ উচ্চপর্যায়ের একটি কোর গ্রুপের বৈঠকের পর। সেই বৈঠকে মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়ে দেয় যে, আগামী ১৫ মার্চের মধ্যে মালদ্বীপে থাকা ভারতীয় সেনা সদস্যদের দেশে ফিরিয়ে নিতে হবে।

মালদ্বীপে চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই দ্বীপদেশটির সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। তবে সম্পর্ক তলানিতে পৌঁছায় সম্প্রতি মুইজ্জু সরকারের তিন উপমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিন উপমন্ত্রীর মন্তব্য নিয়ে তোলপাড় হয়। দুই দেশের মধ্যে দেখা দেয় কূটনৈতিক টানাপড়েন। পরে পরিস্থিতি সামলাতে তিন উপমন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ। তাতেও উত্তাপ কমেনি। মালদ্বীপকে বর্জনের ঝোঁক শুরু হয় ভারতে।

ছুটি কাটানোর জন্য ভারতীয় নাগরিকদের কাছে মালদ্বীপ খুবই জনপ্রিয় স্থান হলেও অনেকেই সেখানে না যাওয়ার প্রচার শুরু করে। মালদ্বীপ বয়কটের ডাক ওঠে। এরই ধারাবাহিকতায়—মালদ্বীপে এবার ভারতীয় সিনেমার শুটিং না করার ডাক উঠল।

কেবল অল ইন্ডিয়া ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়ন নয়, এর আগে বলিউড-সংশ্লিষ্ট আরেক সংগঠন ফেডারেশন অব ওয়েস্ট ইন্ডিজ ফিল্ম এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মালদ্বীপে শুটিং না করার ডাক দিয়েছিল।

ওদিকে, মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর নির্বাচনী স্লোগানই ছিল ‘ভারত খেদাও’। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তিনি ভারতীয় সেনাদের চলে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

ভারতের বিরোধিতা করে মুইজ্জু এখন আরও বেশি চীনের দিকে ঝুঁকছেন। সদ্যই চীনে পাঁচ দিনের উচ্চ-পর্যায়ের রাষ্ট্রীয় সফর শেষে গত শনিবার দেশে ফিরেছেন তিনি। তারপরই ভারতকে একহাত নিয়ে মুইজ্জু বলেছেন,“আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু এতেই তারা আমাদের ধমক দেওয়ার লাইসেন্স পেয়ে যায় না’।

বিবিসি জানায়, ভারতের ওপর থেকে মালদ্বীপের নির্ভরশীলতা কমানোর পরিকল্পনাও প্রকাশ করেছেন মুইজ্জু। বলেছেন, মালদ্বীপ অন্যান্য জায়গা থেকে খাবার আমদানি করা এবং বিদেশি স্বাস্থ্যসেবা নেওয়ার ব্যবস্থা করবে।

তুরস্ক থেকে খাবার আমদানি করাসহ ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে ওষুধ আমদানির পরিকল্পনাও ঘোষণা করেছেন মুইজ্জু।

তিনি এও বলেছেন যে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় যে কোনও মালদ্বীপবাসী চিকিৎসার জন্য দুবাই কিংবা থাইল্যান্ডে যেতে পারেন। বর্তমানে মালদ্বীপের বেশির ভাগ মানুষ চিকিৎসার জন্য ভারত এবং শ্রীলংকায় যায়।

“আমরা কোনও দেশের পশ্চাৎভাগে থাকা দেশ নই। আমরা একটি স্বাধীন জাতি,” বলেন মুইজ্জু।