২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ঋণের বোঝা মাথায় নিয়ে মালদ্বীপে প্রাণ গেল প্রবাসীর

হুলহুমালে শহরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ মাটিতে পড়ে যান শরিফ।

ঋণের বোঝা মাথায় নিয়ে মালদ্বীপে প্রাণ গেল প্রবাসীর

শরিফ হোসেন (৪২)

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 01:29 PM

Updated : 23 Sep 2026, 01:29 PM

পরিবারের আর্থিক দৈন্য দূর করতে কাঁধে তুলে নিয়েছিলেন ঋণের বোঝা। ভেবেছিলেন প্রবাসের উপার্জনে একে একে শোধ করবেন সব দেনা, ঘোচাবেন সংসারের অভাব। কিন্তু সেই ঋণের বোঝা আর মেটানো হলো না; মালদ্বীপের রাস্তায় হাঁটতে হাঁটতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্রাণ গেল তার।

প্রবাসী এ বাংলাদেশির নাম শরিফ হোসেন (৪২), বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে। বাবার নাম মোফাজ্জল সোয়াল।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তার সহকর্মীরা জানান, রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ মাটিতে পড়ে যান শরিফ। পথচারীরা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে পাওনাদারদের তাগাদা, দুই দিক থেকে দিশেহারা নিহতের স্ত্রী হাবিবা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “অনেক মানুষের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে ওনাকে বিদেশে পাঠিয়েছিলাম। কথা ছিল কাজ শুরু করে আস্তে আস্তে সব ঋণ শোধ করবেন। কিন্তু ১১ মাসের মাথায়ই সব শেষ হয়ে গেল। এখন আমরা পুরোপুরি অসহায়।”

শরীফের লাশ দেশে ফেরত পাঠানোর বিষয়ে হাই কমিশন জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় সব প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।