২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুযোগ আদৌ নেই: ট্রুডোর পাল্টা জবাব

জাস্টিন ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পরই নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য বানানো এবং এ লক্ষ্য অর্জনে ‘অর্থনৈতিক বল’ প্রয়োগ করতে পারেন বলে যে ইঙ্গিত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পাল্টা জবাব দিয়ে মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি বলেছেন, “কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার সুযোগ আদৌ নেই।” 

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরে ট্রুডো বলেছেন, “দুই দেশ একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার সুবাদে উভয় দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এবং কর্মীরা উপকৃত হচ্ছে।”

সোমবার আইনপ্রণেতাদের চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দেন।

ট্রাম্প লেখেন, “কানাডার অনেক মানুষই তাদের দেশের যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়াকে স্বাগত জানাবে। কারণ, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটি অর্থনৈতিক দিক থেকে সুবিধা পাবে। দুই দেশ এক হয়ে গেলে বাণিজ্য শুল্ক থাকবে না, কর কমবে। আর রাশিয়া এবং চীনের কাছ থেকে কানাডার নিরাপত্তায় যে হুমকি আছে, তা থেকেও দেশটির সুরক্ষা নিশ্চিত হবে। একসঙ্গে কানাডা-যুক্তরাষ্ট্র কতই না বিশাল একটি জাতি হবে।”

এরপর ফ্লোরিডার মার-এ-লাগোয় এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করে নিতে সামরিক শক্তি প্রয়োগের কথা মাখায় রেখেছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি সামরিক নয়, বরং ‘অর্থনৈতিক বল’ প্রয়োগ করবেন।

এর আগে ট্রাম্প কানাডা সীমান্ত নিয়ে সাংবাদিকদের বলেছিলেন, “এই সীমান্তরেখা কৃত্রিমভাবে আঁকা।” এই কৃত্রিম সীমান্ত মুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিলে কানাডার জাতীয় নিরাপত্তা আরও ভালভাবে সুরক্ষিত থাকবে বলে ট্রাম্প মন্তব্য করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত নিয়ে ট্রাম্প বহুদিন ধরেই অভিযোগ করে আসছেন। কানাডা তাদের মোট রপ্তানি পণ্যের ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্র–সংলগ্ন দক্ষিণ সীমান্ত দিয়ে পাঠিয়ে থাকে। ট্রাম্প ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর কানাডার রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে হুমকি দিয়ে রেখেছেন।

কানাডাকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, “ট্রাম্পের কাছ থেকে কোনওরকম হুমকির মুখে আমরা পিছ পা হব না।” মঙ্গলবার জোলি বলেন, ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায়, কানাডা কীভাবে শক্তিশালী দেশ হয়ে উঠল তা বোঝার সক্ষমতা তার একেবারেই নেই।”

কানাডার বিরোধী দলের নেতা পিয়েরেও এরই মধ্যে এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন। তিনি লিখেছেন, “কানাডা কখনওই ৫১তম রাজ্য হবে না। আমরা একটি মহান ও স্বাধীন দেশ।”