২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুনিয়া ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—দুজনের সঙ্গেই “নিরস্ত্রীকরণ” নিয়ে আলোচনা করেছেন জানিয়ে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

দুনিয়া ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—দুজনের সঙ্গেই “নিরস্ত্রীকরণ” নিয়ে আলোচনা করেছেন জানিয়ে ট্রাম্প একথা বলেন।

ট্রাম্প বলেন, “নিরস্ত্রীকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায়। রাশিয়ার কাছেও অনেক অস্ত্র আছে, আর চীনও দ্রুত সেগুলো বাড়াচ্ছে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেওয়ার পেছনে যুক্তি দেখাতে গিয়ে তিনি বলেন, চীন ও রাশিয়াও তাদের অস্ত্র পরীক্ষা করছে “তবে সেটা আপনারা জানেন না।”

ট্রাম্প আরও বলেন, “দেখুন, এটা খুব প্রতিযোগিতামূলক একটি বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। আমরা যেমন তাদের নজরে রাখি, তারাও আমাদের রাখে। তবে আমি মনে করি, আমরা ভাল সম্পর্ক বজায় রাখছি। 

একসঙ্গে কাজ করলে আমরা আরও বড়, ভাল ও শক্তিশালী হতে পারব—পরস্পরকে আঘাত করার চেয়ে এটা অনেক ভাল।”

চীনের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প বলেন, বেইজিং “দ্রুতগতিতে অস্ত্র তৈরি করছে। আমাদের পারমাণবিক অস্ত্র বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি। রাশিয়া দ্বিতীয়, চীন অনেক পেছনে তৃতীয় স্থানে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে। তারা দ্রুত বানাচ্ছে, এবং আমি মনে করি নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত,” বলেন ট্রাম্প।

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটনকে বেইজিংয়ের জন্য ‘হুমকি’ বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান এই নেতা বলেন, “চীন সবসময় আমাদের পর্যবেক্ষণ করছে।”

এই মন্তব্য আসে এমন সময়ে, যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করছে—চীনা হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশ করেছে।

 পাশাপাশি, বেইজিংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তোলা হয়েছে।

ট্রাম্প বলেন, “আমরাও তাদের জন্য হুমকি। আপনি যেসব কাজের কথা বলছেন, সেগুলোর অনেকটাই আমরা তাদের ক্ষেত্রেও করি।”

রিপাবলিকান এই নেতা দাবি করেন, যুক্তরাষ্ট্র “চীনের বিরুদ্ধে খুব ভালো অবস্থানে” আছে, তবে স্বীকার করেন যে বেইজিংয়ের বিরল খনিজের ওপর একটি প্রভাব রয়েছে।

“আমরা চীনের বিরুদ্ধে খুব ভাল করছিলাম। হঠাৎ তারা বলল, "আমাদেরও পাল্টা জবাব দিতে হবে।" তারা তাদের যে শক্তি ব্যবহার করেছে, সেটা হলো বিরল খনিজ—যা তারা ২৫-৩০ বছর ধরে আগলে রেখেছে ও নিয়ন্ত্রণে রেখেছে,” বলেন ট্রাম্প।

“কম্পিউটার থেকে শুরু করে অস্ত্র তৈরি সব ক্ষেত্রেই এই খনিজের প্রয়োজনীয়তা রয়েছে। তারা সেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, আমরাও কিছু জিনিস তাদের বিরুদ্ধে ব্যবহার করেছি। যেমন, বিমান যন্ত্রাংশ। তাদের শত শত বোয়িং বিমান আছে, আমরা তাদের যন্ত্রাংশ দিইনি। আমরা হয়তো দু’পক্ষই কিছুটা অযৌক্তিকভাবে আচরণ করছিলাম, তবে মূল বিষয় ছিল শুল্কনীতি,” বলেন তিনি।

চীনা ও মার্কিন নেতারা গত ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এপেক অর্থমন্ত্রীদের ৩২তম বৈঠকে মুখোমুখি হন—ছয় বছরেরও বেশি সময় পর এটাই ছিল তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।