২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা উপকূলে গুলি করে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান

চীনা উপকূলে তাইওয়ান এই প্রথম নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া কোনও ড্রোন গুলি করে ভূপাতিত করল।

রয়টার্স

Published : 01 Sep 2022, 07:40 PM

Updated : 01 Sep 2022, 07:40 PM

তাইওয়ানের সেনাবাহিনী এই প্রথম চীনা উপকূলের কাছে নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া অচেনা একটি অসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ড্রোনটি বৃহস্পতিবার তাইওয়ানের দখলে থাকা একটি দ্বীপের কাছে আকাশে উড়ছিল।

এর আগে গত মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে চীনের একটি ড্রোন কে গুলি করে সতর্ক করেছিল তাইওয়ানের সামরিক বাহিনী।

গত মাসের শুরুতে যু্ক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তাইওয়ান সফর এবং তার জেরে চীনের তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন সামরিক মহড়ার পর বেইজিং-তাইপে উত্তেজনার পারদ চড়ছেই।

গত মাসে তাইওয়ান সরকার বেশ কয়েকবার চীনের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘন এবং উস্কানিমূলক আচরণ করার অভিযোগ করেছে। তারা বলেছে, চীনের যুদ্ধবিমান ও ড্রোন নিয়মিত তাইওয়ান প্রণালীতে তাদের দাবি করা ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকছে।

চীনের এই উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

গত মঙ্গলবার তিনি সেনাবাহিনীকে চীনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে ‘শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দেন।তারপরই ড্রোন গুলি করে ভূপাতিত করার এ ঘটনা ঘটল।

চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন বলপ্রয়োগ করে হলেও পুনরায় মিলিত হবে।

ওদিকে, নিজেদের স্বাধীনতা ঘোষণা করা তাইওয়ান বলেছে, তারা কখনও ‘পিপলস রিপাবলিক অব চায়না’র শাসনে ছিল না। তাই চীন যে দাবি করছে সেটি অমূলক।

বৃহস্পতিবার ড্রোন ভূপাতিত করার বিষয়ে কিনম্যান দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ঠিক দুপুরে (জিএমটি ০৪:০০) ওই ড্রোনটি লায়ন দ্বীপের সংরক্ষিত আকাশসীমার প্রবেশ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করেছে। এতে আরও বলা হয়, লায়ন দ্বীপের সেনারা আগে সেটিকে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই সেটিকে গুলি করা হয়। সেটির ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে।

তাইওয়ান সেনাবাহিনী সর্বপ্রথম গত মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করেছিল।

তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা কিনম্যান দ্বীপপুঞ্জটি চীনের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছে অবস্থিত। দুই ভূমির মধ্যে মাত্র কয়েকশ ফুটের ফারাক।

পুরনো খবর:

চীনের ড্রোনকে গুলি করে সতর্ক করল তাইওয়ান