চীনের ড্রোনকে গুলি করে সতর্ক করল তাইওয়ান
তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের যে কোনও উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সেনাবাহিনীকে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।
উপকূলের কাছে একটি ছোট্ট দ্বীপে চীনের একটি ড্রোন উড়াউড়ি করার সময় সেটিকে গুলি করে সতর্ক করেছে তাইওয়ানের সেনাবাহিনী।
মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের যে কোনও ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের তাইওয়ান সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এই প্রথম তাইওয়ান চীনের কোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে বেইজিংকে সতর্ক করল।
চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন বলপ্রয়োগ করে হলেও পুনরায় মিলিত হবে।
ওদিকে, নিজেদের স্বাধীনতা ঘোষণা করা তাইওয়ান বলেছে, তারা কখনও ‘পিপলস রিপাবলিক অব চায়না’র শাসনে ছিল না। তাই চীন যে দাবি করছে সেটি অমূলক।
তাইওয়ান বেশ কয়েকদিন ধরে অভিযোগ করছে, চীনের উপকূলের কাছে তাদের নিয়ন্ত্রণে থাকা ছোট ছোট কয়েকটি দ্বীপের খুব কাছ দিয়ে বার বার চীনা চালক বিহীন বিমান (ড্রোন) উড়াউড়ি করছে।
সর্বশেষ ঘটনাটি ঘটেছে কিনমেন দ্বীপপুঞ্জের কাছে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর ‘তীব্র সামরিক প্রতিক্রিয়া’ জানাতে তাইওয়ান ঘিরে চীন যে সামরিক মহড়া চালিয়েছিল তার অংশ ছিল কিনমেন দ্বীপপুঞ্জ।
কিনমেন প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র চ্যাং জাং-শুন বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগে দিয়ে (জিএমটি ১০:০০) এরডান দ্বীপের কাছে একটি ড্রোন দেখা গেলে ফ্লায়ার (তীব্র লাইট মেরে সতর্ক করা) জ্বেলে সতর্ক করার পর গুলি করা হয়। তারপর ড্রোনটি চীনের দিকে উড়ে যায়।
চীন এখন পর্যন্ত এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আগের দিন সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের ড্রোন বিষয়ক অভিযোগ অস্বীকার করে বলেছিল, এটা ‘ঝগড়া বাধানোর চেষ্টা ছাড়া আর কিছু না’।
মঙ্গলবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পেনঘু দ্বীপপুঞ্জের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে এক বক্তৃতায় তিনি চীনের ড্রোন এবং তাদের অন্যান্য ‘গ্রে জোন’ যুদ্ধ কার্যক্রমের সমালোচনা করেন।
নৌ-কর্মকর্তাদের উদ্দেশ করে সাই বলেন, ‘‘আমি সবাইকে বলতে চাই, শত্রু যত বেশি উস্কানি দেবে, আমাদের তত বেশি শান্ত হতে হবে।
‘‘আমরা বিরোধ উস্কে দেব না এবং আমরা আত্মসংযম অনুশীলন করব। তবে এর অর্থ এই নয় যে আমরা প্রতিহত করব না।”
তিনি আরও বলেন, নিজেদের আকাশ সীমার সুরক্ষায় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ‘প্রয়োজনীয় এবং শক্তিশালী পাল্টা ব্যবস্থা’ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
তবে তিনি ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি।
চীনের মূলভূখণ্ডের সবচেয়ে কাছে কিনম্যান দ্বীপপুঞ্জের অবস্থান। চীনের জিয়ামেন এবং কুয়ানঝৌ নগরীর ঠিক বিপরীত দিকে মাত্র কয়েকশ মিটার দূরে সেগুলোর অবস্থান।
