১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরিয়ায় কারাগার ভেঙে আইএস কয়েদিদের পলায়ন, দুই পক্ষ থেকে ভিন্ন তথ্য

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রায় ১২০ জন কয়েদি পালিয়েছে। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর মুখপাত্র বলছেন, এই সংখ্যা প্রায় ১,৫০০।

সিরিয়ায় কারাগার ভেঙে আইএস কয়েদিদের পলায়ন, দুই পক্ষ থেকে ভিন্ন তথ্য
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 05:28 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর শাদাদির একটি কারাগার থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কয়েদিরা পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কারাগার থেকে প্রায় ১২০ জন বন্দি পালিয়েছে। তবে কুর্দি ওয়েবসাইট ‘রুদাও’ জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র ফারহাদ শামির মতে, এই সংখ্যা প্রায় ১,৫০০।

সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কয়েদিরা পালানোর পরপরই সিরীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী শাদাদিতে প্রবেশ করেছে। 

শাদাদি এবং এর আশপাশে তল্লাশি চালিয়ে তারা ইতিমধ্যে পালিয়ে যাওয়া ৮১ জন কয়েদিকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শাদাদির ওই কারাগারটি এতদিন  সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর নিয়ন্ত্রণে ছিল। তারা অভিযোগ করেছে, এসডিএফ ইচ্ছা করেই আইএস জঙ্গিদের মুক্তি দিয়েছে।

সরকারি বাহিনীর সঙ্গে কয়েক দিনের লড়াইয়ের পর গত রোববার এসডিএফ রাক্কা এবং দেইর আল-জোর প্রদেশ থেকে সরে যেতে রাজি হয়। 

এই দুটি প্রদেশেই সিরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলো অবস্থিত এবং বছরের পর বছর ধরে এগুলো এসডিএফ-এর নিয়ন্ত্রণে ছিল।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত ১৮ জানুয়ারি এসডিএফ-এর সাথে একটি অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা দেন, যার অধীনে এসডিএফ-কে সিরীয় সেনাবাহিনীর সাথে একীভূত করার কথা রয়েছে। 

তবে এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চলাকালেই শাদাদি কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটল। এই ঘটনা ওই অঞ্চলে আইএস এর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তৈরি করেছে।