সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান
“গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী ফলস ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্তুগুলোর একটি হতে পারে।”
সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তেহরান একে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান আখ্যা দিয়েছে।
এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি লিখেছে, “আরামকোর ওপর হামলাটি ছিল ইসরায়েলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করছে, তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে নেওয়াই ইসরায়েলের উদ্দেশ্য।”
ওই সূত্র তাসনিম নিউজকে বলেন, “ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ, স্থাপনাকে নিশানা করবে এবং এ পর্যন্ত অনেকগুলোতে হামলাও চালিয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো ইরানি হামলার নিশানার মধ্যে ছিল না।”
সূত্রটির দাবি, “গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের পরবর্তী ফলস ফ্ল্যাগ অভিযানের লক্ষ্যবস্তুগুলোর একটি হতে পারে।”
সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ড্রোন হামলার পর রাস তানুরায় আরামকোর ওই শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
