২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউর পণ্যেও শুল্ক শিগগিরই: ট্রাম্প

ইইউ যুক্তরাষ্ট্রের পণ্য কেনে না অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সীমার বাইরে চলে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যেও শুল্ক বসানো হবে। 

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ করবে কিনা, রোববার রাতে বিবিসির করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

“হতে পারে, তবে ইউরোপীয় ইউনিয়নের ওপর হবেই। আমি আপনাকে এটা বলতে পারি। কারণ তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। আপনি জানেন, আমাদের মধ্যে (বাণিজ্য) ঘাটতি ৩০ হাজার কোটি ডলারের বেশি,” বলেছেন দুই সপ্তাহ আগে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরা এ রিপাবলিকান। 

ইইউ যুক্তরাষ্ট্রের পণ্য কেনে না অভিযোগ করে ট্রাম্প বলেন, তারা সীমার বাইরে চলে গেছে। 

“তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। প্রায় কিছুই নেয় না। অথচ আমর তাদের লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ খাবার, কৃষি পণ্যসহ সবকিছু নিই। যুক্তরাজ্য সীমার বাইরে আছে, এটা আমরা দেখছি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সত্যিকার অর্থেই সীমার অনেক বাইরে চলে গেছে,” বলেছেন তিনি। 

যুক্তরাজ্যকে শুল্কের বাইরে রাখতে ‘চুক্তি হতে পারে’ বলেও জানান এ মার্কিন প্রেসিডেন্ট। 

“যুক্তরাজ্যও সীমার বাইরে। কিন্তু আমি নিশ্চিত, আমার মনে হয় এটা নিয়ে কাজ করা যেতে পারে, প্রধানমন্ত্রী (কিয়ার) স্টার্মার খুবই ভালো। আমাদের কয়েকবার বৈঠক হয়েছে, অসংখ্যবার ফোনে কথা হয়েছে। আমাদের সম্পর্ক বেশ ভালো। দেখা যাক ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা আমাদের বাজেটের ভারসাম্য বজায় রাখতে পারি কিনা। 

“এটা ৩৫ হাজার কোটি ডলারের ঘাটতি, তাই অবশ্যই এটা নিয়ে কিছু তো একটা করতেই হবে,” বলেছেন তিনি। 

কবে নাগাদ এই শুল্ক আরোপ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি কোনো সময়সীমা বলবো না, কিন্তু এটা খুব তাড়াতাড়িই হবে।”

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যায় তার মধ্যে শীর্ষে আছে ওষুধ, গাড়ি, নানান ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র মহাদেশটিতে বেচে তেল, গ্যাস ও আর্থিক সেবা।  

যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপের কিছু কিছু দেশে এর মারাত্মক প্রভাব পড়বে বলে জানিয়েছে বিবিসি। 

উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের বাইরে আয়ারল্যান্ড যত রপ্তানি করে তার প্রায় অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে। 

এদিকে যুক্তরাষ্ট্রের পণ্য সবচেয়ে বেশি জার্মানি আর নেদারল্যান্ডস; জার্মানি আবার যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ গাড়ি রপ্তানিও করে।

ইইউ-র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি জার্মানির, এরপরের দুই স্থান ইতালি ও আয়ারল্যান্ডের।  

তার মানে, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইইউর বৃহত্তম অর্থনীতি জার্মানি। ২০২৩ সালে আটলান্টিকের ওপারে ইইউ যত পণ্য রপ্তানি করেছে তার ৩০ শতাংশের বেশিই করেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের দেশ।   

অবশ্য আলাদা আলাদা দেশের ওপর আলাদা প্রভাব সত্ত্বেও ইইউ যুক্তরাষ্ট্রের শুল্কের পাল্টায় সমন্বিতভাবে ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। 

ট্রাম্পের বিশ্বাস, বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে তিনি মার্কিন অর্থনীতিকে চাঙা, চাকরি সুরক্ষিত ও রাজস্ব আয় বাড়াতে পারবেন। 

যদিও অর্থনীতিবিদদের অনেকেই সতর্ক করে বলছেন, এই ধরনের পদক্ষেপে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যা শুল্ক আরোপ করা দেশ এবং যাদের ওপর দেওয়া হয়েছে উভয় পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের বিপদে ফেলে। 

মার্কিন প্রেসিডেন্ট ইইউকে দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি তেল-গ্যাস কেনাতেও চাইছেন। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর ইইউ রাশিয়ার জীবাশ্ম জ্বালানি থেকে সরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রই সেখানে তরলীকৃত প্রাকৃতি গ্যাস বা এলএনজির সবচেয়ে বড় সরবরাহকারীতে পরিণত হয়েছে।