১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধ ৪ কোটি ৫০ লাখ মানুষকে চরম খাদ্যসংকটে ফেলতে পারে: ডব্লিউএফপি

ইরানে যুদ্ধর জেরে বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে গেছে। ফলে জীবনরক্ষাকারী সামগ্রীর চালান ব্যাহত হচ্ছে।

ইরান যুদ্ধ ৪ কোটি ৫০ লাখ মানুষকে চরম খাদ্যসংকটে ফেলতে পারে: ডব্লিউএফপি
ইরানে হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবন স্থল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 10:59 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জুন পর্যন্ত চলতে থাকলে তা বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষকে চরম খাদ্যসংকটের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

ইরানে যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। এর জেরে বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে গেছে। ফলে জীবনরক্ষাকারী সামগ্রী সরবরাহ ব্যাহত হচ্ছে।

এই যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও জাহাজ ভাড়া আকাশচুম্বী হওয়ায় বিশ্বব্যাপী বাড়তি ৪ কোটি ৫০ লাখ মানুষ চরম ক্ষুধার কবলে পড়তে পারে। এতে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা পৌঁছাতে পারে বর্তমানের রেকর্ড ৩১ কোটি ৯০ লাখের ওপরে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) -এর উপ নির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনিভায় সাংবাদিকদের একথা বলেছেন। তিনি বলেন, এতে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা সর্বকালের রেকর্ড গড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।

স্কাউ জানান, ইরানে যুদ্ধ শুরুর পর থেকে জাহাজে পণ্য পরিবহনের খরচ ১৮ শতাংশ বেড়ে গেছে। কিছু জাহাজের পথ পরিবর্তন করতে হচ্ছে। দাতারা প্রতিরক্ষাখাতে বেশি ব্যায়ের দিকে মনোনিবেশ করায় ডব্লিউএফপি’র ব্যয় কাটছাঁট করতে হচ্ছে।

ডব্লিউএফপি জানিয়েছে, বর্তমান সংকটের কারণে ভারত থেকে সুদান পর্যন্ত  তাদের পণ্য পরিবহনের পথে অতিরিক্ত ৯,০০০ কিলোমিটার দূরত্ব বেড়ে গেছে। সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

জ্বালানিসংকটের কারণে কেবল ত্রাণ পরিবহনের খরচই বাড়ে না বরং অন্যান্য অনেক খরচও বেড়ে যায়। স্থানীয় খাদ্য উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে।