২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ভারতের লখনৌতে ভবন ধসে ৮ মৃত্যু, আহত ২৮

উত্তর প্রদেশ রাজ্যের এই রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল।

ভারতের লখনৌতে ভবন ধসে ৮ মৃত্যু, আহত ২৮
ছবি: পিটিআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 10:22 AM

Updated : 26 Aug 2026, 10:25 AM

ভারতের লখনৌ নগরীতে তিনতলা একটি ভবন ধসে আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। 

উত্তর প্রদেশ রাজ্যের এই রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় শনিবার বিকালে ভবনটি ধসে পড়ে। ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

রোববার কর্মকর্তারা জানান, রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা আটজনে দাঁড়ায়। তল্লাশি ও উদ্ধারকাজ চলমান আছে।  

জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে নেই এখন এটিই নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। 

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি তৈরি করা হয়েছিল আর কিছু নির্মাণ কাজ ঘটনার সময়ও চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ঘটনা যখন ঘটে তখন হতাহতদের অধিকাংশই নিচের তলায় কাজ করছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভবনটির নিচ তলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম ছিল, দ্বিতীয় তলায় চিকিৎসা পণ্যের একটি গুদাম ও তৃতীয় তলায় একটি কাটলারিজের গুদাম ছিল। 

এ ঘটনায় আহত চিকিৎসা পণ্যের গুদামে কাজ করা আকাশ সিং জানান, ভবনটির একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। 

তিনি বলেন, “বৃষ্টি হচ্ছিল, তাই আমরা নিচে নেমে আসি। এ সময় ভবনটির একটি পিলারে ফাটল দেখতে পাই। তারপর হঠাৎ করে পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।”