চাঁদপুরের দুই শিক্ষার্থী রোবট বানিয়ে মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতল
প্রতিযোগিতায় সামিউ ও সানিয়ার দল ‘ওয়াল-ই’ নামের একটি রোবট তৈরি করে তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স বিভাগে অংশ নেয়।
চাঁদপুরের দুই শিক্ষার্থী রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে।
বুধবার সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী হিসেবে চাঁদপুরের কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদের নাম ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শ্রী কুমার চক্রবর্তী।
প্রতিযোগিতায় সামিউ ও সানিয়ার দল ‘ওয়াল-ই’ নামে একটি রোবট তৈরি করে তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স বিভাগে অংশ নেয়। তাদের তৈরি রোবটটি ওই বিভাগে প্রথম স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় বাংলাদেশের ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল স্বর্ণপদক পেয়েছে। কেএফটি কলেজিয়েট স্কুলের সামিউ ও সানিয়ার দলও এর একটি।
১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার পেটালিং জায়ায় এ প্রতিযোগিতা হয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়াল-ই’ প্রকল্পের মাধ্যমে সামিউ ও সানিয়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকদের সামনে প্রকল্পটি উপস্থাপনের পর তারা প্রথম স্থান অর্জন করে।
সামিউ ইমাম স্পর্শের মা ও প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, ছেলের পাশাপাশি তাদের শিক্ষার্থী সানিয়ার এ সাফল্যেও তারা আনন্দিত। এ অর্জন কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব ও চাঁদপুরের জন্য আনন্দের।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল এবং প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীর এ সাফল্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কাজে অন্য শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এ ধরনের কাজে সহযোগিতা করা হবে।
