পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে
বন্যার পানি নেমে যাওয়ার পর রোগবালাইয়ে আরও অনেক শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা ইউনিসেফের।
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের একতৃতীয়াংশ। শনিবারও দেশটিতে বন্যায় ৫৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫টি শিশু। এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
বন্যায় দেশটির তিন কোটি ৩০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইসলামাবাদে শনিবার প্রথমবারের মত ওই কমিটি বৈঠকে বসে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে নেতৃত্ব দেন।
বর্ষা মৌসুমে রেকর্ড বৃষ্টিপাত এবং উত্তরের পার্বত্য অঞ্চলের হিমবাহ গলে বিপর্যয়কর এই বন্যার সৃষ্টি হয়েছে। যাতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৬৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৪৪১টি শিশু রয়েছে।
বন্যায় এত শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, বন্যার পানি নেমে যাওয়ার পর যে রোগবালাই দেখা দেবে তাতে ‘আরো অনেক শিশু’ মারা যেতে পারে।
বন্যার আগে পাকিস্তানের উপর দিয়ে চারটি তাপদাহ বয়ে যায়। বেশ কয়েকটি দাবানলের ঘটনাও ঘটেছে বলে শনিবারের বৈঠকে জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান।
জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্বে যে মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দেয়ার বিষয়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন পাকিস্তানের বন্যা তার জ্বলন্ত উদাহরণ, বলেছে জাতিসংঘ।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লেফটেন্যান্ট-জেনারেল আখতার নাওয়াজ বলেন, ‘‘২০২২ সাল পাকিস্তানের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক কিছু কঠোর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।
‘‘এ বছর আমরা বসন্তকাল দেখতে পাইনি। বরং আমাদের চারটি তীব্র তাপদাহ মোকাবেলা করতে হয়েছে। যার কারণে বনে বড় ধরনের দাবানলের সৃষ্টি হয়েছে।”
বিশেষ করে দক্ষিণপশ্চিমের বালুচিস্তান প্রদেশে। অথচ এখন সেই প্রদেশের বেশিরভাগ অংশ পানির নিচে। এবার বর্ষায় বালুচিস্তান প্রদেশে গত ৩০ বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় ৪৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জানান, বন্যায় বালুচিস্তান প্রদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ রেল ও সড়ক যোগাযোগ পথ পানির তোড়ে ভেসে গেছে। টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থায়ও ভেঙে পড়েছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সারা বিশ্ব পাকিস্তানের পাশ দাঁড়িয়েছে। বেশ কয়েকটি দেশ থেকে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। তারমধ্যে সবার প্রথমে এসে পৌঁছেছে ফ্রান্স থেকে পাঠানো ত্রাণ। শনিবার সকালে ফ্রান্স থেকে ত্রাণ বোঝাই একটি উড়োজাহাজ ইসলামাবাদ গিয়ে পৌঁছায়।
তবে এখনো লাখ লাখ মানুষ ত্রাণ সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় দাতব্য সংস্থা।
প্রাথমিকভাবে বন্যায় এক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
