২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নারীদের বিদেশে পড়তে যেতে তালেবানের বাধা

পড়াশুনার জন্য বৃত্তি নিয়ে দুবাইয়ে পড়তে যাওয়ার পথে থাকা আফগান নারীদেরকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে তালেবান।

আফগানিস্তানের নারীদের বিদেশে পড়তে যেতে তালেবানের বাধা

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 06:51 PM

Updated : 28 Aug 2023, 06:55 PM

আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকেই নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। এবারে বন্ধ হল নারীদের বিদেশ যাত্রাও। বৃত্তি নিয়ে দুবাইয়ে পড়তে যাওয়ার পথে থাকা বেশ কয়েকজন আফগান নারীকে বিমানবন্দরে আটকে দিল তালেবান।

বিবিসি জানায়, মোট ১০০ আফগান নারী দুবাইয়ে পড়াশুনার জন্য বৃত্তি পেয়েছিল। তার মধ্যে অন্তত ৬০ জনকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় তালেবান।

এদেরই একজন ২০ বছর বয়সী এক নারী, যার ছদ্মনাম নাটকাই। তিনি বলেন, তালেবান নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুয়ার বন্ধ করে দেওয়ার পর আমার একমাত্র ভরসা ছিল বৃত্তি, যা বিদেশে পড়তে যাওয়ার জন্য সহায়ক হত।

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা কঠিন হওয়ার পরও এই নারী পড়া চালিয়ে যাচ্ছিলেন বলে জানান। নাটকাই বলেন, এরপর সুংযুক্ত আরব আমিরাতে ধনকুবের ব্যবসায়ী শেখ খালাফ আহমেদ আল-হাবতুরের সংগঠন থেকে দুবাই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি পান তিনি।

গত বছর ডিসেম্বরে আফগানিস্তানে তালেবান বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়া নিষিদ্ধ করার পর আফগান নারীদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছিল। নাটকাই গত বুধবার পরিবারকে বিদায় জানিয়ে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু পরক্ষণেই হতাশ হতে হয় তাকে।

এই নারী বলেন, “তালেবান কর্মকর্তারা যখন আমাদের টিকেট এবং পড়তে যাওয়ার ভিসা দেখল তখন বলল, নারীদের স্টুডেন্ট ভিসায় আফগানিস্তান ছেড়ে যাওয়া মানা।”

বিবিসি’র হাতে পাওয়া ছবিতে কালো হিজাব পরা তরুণীদেরকে তলপি-তলপা নিয়ে বিষন্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তালেবান নারীদের একা ভ্রমণ নিষিদ্ধ করেছে। তাদের কেবল তাদের স্বামী কিংবা কোনও পুরুষ স্বজনের সঙ্গেই বিদেশে যাওয়ার অনুমতি আছে। যেমন: ভাই, চাচা কিংবা বাবা; যারা মাহরাম হিসাবেই পরিচিত।

তবে নাটকাই জানান, দুবাই যাওয়ার ক্ষেত্রে এমনকী এ নিয়মও যথেষ্ট হয়নি। বিমানে মাহরাম সাথে থাকার পরও তিন নারীকে নামিয়ে দিয়েছে তালেবান।

শামস আহমেদ নামের এক তরুণ তার বোনকে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন। তিনিও শুনিয়েছেন হতাশার কথা। তার কথায়, “এখানে বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ হওয়ার পর বৃত্তি আমার বোনের জন্য নতুন আশার সঞ্চার করেছিল। আশা নিয়ে সে বাড়ি ছেড়েছিল, কিন্তু চোখে পানি নিয়ে বাড়ি ফিরে এসেছে।”

আহমেদ জানান, কয়েকজন নারী সাথে একজন পুরুষকে নিয়ে যাওয়ার জন্য অর্থ ধার করে ভিসার ব্যবস্থা করেছিল। তারপরও তারা যেতে পারেনি।

দুবাই বিশ্ববিদ্যালয় এবং আল হাবতুরও নারীদের বিদেশে পড়তে যাওয়ায় তালেবানের এ বাধার খবর নিশ্চিত করে জানিয়েছে। আল হাবতুর এক ভিডিও বার্তায় তালেবানের এ পদক্ষেপের সমালোচনা করে বলেছে, ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান।

২০২১ সালের অগাস্টে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ তারা বামিয়ান প্রদেশের জনপ্রিয় জাতীয় উদ্যান বন্দ-ই-আমিরে নারীদের ঘুরতে যাওয়াও নিষিদ্ধ করেছে।