Published : 17 Jan 2026, 06:38 PM
পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
শনিবার পাঞ্জাবের সারগোদা জেলায় এক ট্রাক শুষ্ক একটি খালে পড়ে যায় আর বেলুচিস্তানের ওরমারা তেহশিলের কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে যায়, জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
পাঞ্জাবের জরুরি পরিষেবা জানিয়েছে, সারগোদার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জন শিশু। ভোররাতে ঘন কুয়াশার মধ্যে যাত্রী ও মালামাল বহনকারী ট্রাকটি গালাপুর বাংলা সেতু থেকে নিচে পড়ে যায়। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
রাজধানী ইসলামাবাদ থেকে ফয়সালাবাদের পথে থাকা ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিলেন। মৃত এক ব্যক্তির শেষকৃত্যে যোগ দিতে ফয়সালাবাদ যাচ্ছিলেন তারা।
জরুরি পরিষেবা এক বিবৃতিতে বলেছে, “ঘন কুয়াশার কারণে মহাসড়ক বন্ধ ছিল, তাই ট্রাকটি স্থানীয় একটি পথ ধরে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু কোট মোমিন তেহশিলের গালাপুর বাংলা সেতু থেকে নিচে খালে পড়ে যায়। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”
খালটি শুকনো থাকলেও ট্রাকটি পড়ার পর উল্টে যায় আর যাত্রীরা এর নিচে চাপা পড়ে হতাহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শীতকালে ঘন কুয়াশার মধ্যে পাঞ্জাবের মহাসড়কগুলোতে যান চলাচল প্রায়ই বন্ধ থাকে।
এর আগে মঙ্গলবার প্রদেশটিতে ঘন কুয়াশার মধ্যে ঘটা বিভিন্ন দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছিল।
পৃথক আরেক ঘটনায় বেলুচিস্তানের গোয়াদরের ওরমারা তেহশিলের কাছে হুদ্দ গোথ এলাকার মারকান উপকূলীয় মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী কোচ উল্টে যায়, এতে ১০ জন নিহত ও আরও ১৪ জন আহত হন।
উদ্ধারকারী পরিষেবা ইধি ফাউন্ডেশন জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে একটি বালিকা রয়েছে।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কোচটি করাচি থেকে জিওয়ানি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।