২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ইসরায়েলি হামলা, মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে জটিল করে তুলল।

ইরানে ইসরায়েলি হামলা, মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 01:40 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ইরানে ইসরায়েলের হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক হওয়ার কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে জটিল করে তুলল। 

ইসরায়েল বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তারা অভিযান শুরু করেছে। শুক্রবারের হামলা এই অভিযানের শুরু, অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলের এই হামলার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। 

“ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে আমেরিকান বাহিনীর সুরক্ষা,” পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত আলোচনা চললেও ইরানে হামলার সিদ্ধান্ত একান্তভাবেই ইসরায়েলের। 

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় না, আমাদের এখন কোনো জল্পনা করা উচিত।”

ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের জেরুজালেমে দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

রোববার ওমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা থাকলেও, ইসরায়েলি হামলার পর তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, “ইরানে ইসরায়েল হামলা করতে পারে।” 

তা সত্ত্বেও তিনি শান্তিপূর্ণ সমাধান চান।

রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর মধ্যে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনাও রয়েছে।

এক নিরাপত্তা সতর্কতায় জেরুজালেমের মার্কিন দূতাবাস বলেছে, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীর ভ্রমণে সরকারি কর্মীদের ওপর আরও বিধিনিষেধও আরোপ হতে পারে।