২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দুরূহ গাজা শান্তি প্রস্তাব নিয়ে ‘চাপ দেবেন’ ট্রাম্প

গাজা নিয়ে চুক্তি করতে নেতানিয়াহুর ওপর জিম্মিদের পরিবারগুলোর পাশাপাশি যুদ্ধক্লান্ত ইসরায়েলি জনগণের চাপও এখন প্রবল বলে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দুরূহ গাজা শান্তি প্রস্তাব নিয়ে ‘চাপ দেবেন’ ট্রাম্প
গাজায় যুদ্ধ বন্ধ চেয়ে ইসরায়েলে বিক্ষোভ। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 02:26 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে হতে যাওয়া বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি প্রস্তাব নিয়ে কথা বলবেন।

যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতায় কান না দিয়ে বেশ কয়েকটি পশ্চিমা দেশের নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার ট্রাম্প-নেতানিয়াহু এ বৈঠক হতে যাচ্ছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে চতুর্থবার হোয়াইট হাউসে বৈঠকে যাচ্ছেন নেতানিয়াহু। 

গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় দুই বছরের যুদ্ধে ‘গণহত্যা চালানো’ ও ‘দুর্ভিক্ষ সৃষ্টির’ অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েলের এ ডানপন্থি নেতা তার দেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়েই এবারের বৈঠকে বসবেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স। 

সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহু উষ্ণ অভ্যর্থনা পাবেন বলেই অনুমান করা হচ্ছে। অথচ শুক্রবারই ইসরায়েলি এ প্রধানমন্ত্রী দেখেছেন উল্টোচিত্র। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অনেকেই তাকে দুয়োধ্বনি দিয়েছেন, তার বক্তব্যের প্রতিবাদে অসংখ্য প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে ‘ওয়াকআউট’ও করেন।

সেদিনের ভাষণে নেতানিয়াহু আগের সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের স্বীকৃতির কড়া সমালোচনা করেন। তিনি একে ‘লজ্জাজনক সিদ্ধান্ত’ আখ্যা দেন।

মার্কিন যে মিত্র দেশগুলো এ স্বীকৃতি দিয়েছে তারা বলছে, দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে ও গাজা যুদ্ধ বন্ধ করতে এ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। 

ট্রাম্প এই স্বীকৃতিকে ‘হামাসের জন্য পুরস্কার’ আখ্যা দিয়েছেন। রোববার রয়টার্সকে তিনি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে ফিরিয়ে আনতে একটি চুক্তির কাঠামো নিয়ে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার ব্যাপারে তিনি আশাবাদী। 

“আমরা ভালো জবাবই পেতে যাচ্ছি, কারণ বিবিও চুক্তি করতে চান। সবাই চুক্তি করতে চায়,” নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে টেলিফোনে বলেন মার্কিন প্রেসিডেন্ট।  

সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরের নেতাদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চুক্তির লক্ষ্য হচ্ছে গাজা ছাড়িয়ে বিস্তৃত মধ্যপ্রাচ্যজুড়ে শান্তি প্রতিষ্ঠা। 

“গাজার চেয়েও বেশি কিছু, মধ্যপ্রাচ্যে শান্তি বলা যেতে পারে। গাজার এর একটি অংশ। কিন্তু মূল বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি,” বলেছেন তিনি।  

গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে কোনো চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ঊর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “আগেভাগে কোনো কিছু বলা ঠিক হবে না।”

প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের জবাব নেতানিয়াহুই সোমবারের বৈঠকে ট্রাম্পকে জানাবেন, বলেছেন তিনি। 

গাজা নিয়ে চুক্তি করতে নেতানিয়াহুর ওপর জিম্মিদের পরিবারগুলোর পাশাপাশি যুদ্ধক্লান্ত ইসরায়েলি জনগণের চাপও এখন প্রবল বলে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে।  

দিনকয়েক আগে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে আরব ও মুসলিম অনেক দেশের কাছে একটি ২১ দফা শান্তি প্রস্তাব বিতরণ করা হয়েছিল। 

ওই প্রস্তাবে জীবিত-মৃত সকল জিম্মির মুক্তি, কাতারে আর ইসরায়েলের হামলা না করার অঙ্গীকার এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নিয়ে নতুন আলোচনা শুরুর কথা আছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা। 

এ মাসের শুরুর দিকে দোহায় হামাস নেতাদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল কাতারিদের ক্রুদ্ধ করেছিল, ট্রাম্পও ওই হামলার সমালোচনা করেছিলেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আগের উদ্যোগগুলো বিবদমান দুই পক্ষের মাঝে মতের বিরোধে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। 

এদিকে নেতানিয়াহুও হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। 

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহু মোটামুটি একসুরে কথা বললেও সোমবারের বৈঠকে দুই নেতা একটি বিষয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন বলেও অনেকে আশঙ্কা করছেন। সেটি হল- ইসরায়েলের পশ্চিম তীর অধিভুক্তি। 

নেতানিয়াহু সরকারের অনেক কট্টর-ডান মন্ত্রীই চাইছেন, পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে জুড়ে দিয়ে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতির জবাব ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশাকে চিরতরে কবর দিতে।

কিন্তু ‍বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর অধিভুক্ত করে নিতে দেবেন না। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রে এই পশ্চিম তীর ও গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমকে চায়।  

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরকে নিজেদের অংশ করে নেয় তাহলে ট্রাম্প তার প্রথম মেয়াদে যে ‘আব্রাহাম চুক্তি’ করেছিলেন তা ভেঙে পড়তে পারে। ওই চুক্তির বলেই বেশ কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।