বাজারে আসছে ভারতের প্রথম দূর-পাল্লার রিভলবার 'প্রবাল'
নারীরা এই রিভলবার তাদের হাতব্যাগে বহন করতে পারবে এবং নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবে।
ভারতের প্রথম দূরপাল্লার রিভলবার ‘প্রবাল’ বাজারে আসছে ১৮ অগাস্ট। উত্তর প্রদেশে কানপুরের সরকারি মালিকানাধীন ‘অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া লিমিটেড’ (এডব্লিউইআইএল) এ রিভলবার তৈরি করেছে।
৩২ বোরের হালকা ওজনের এ রিভলবার ৫০ মিটার দূর থেকে লক্ষ্যে আঘাত হানতে পারবে; যার পাল্লা অন্যান্য রিভলবারের চেয়ে দ্বিগুণ বেশি।
এডব্লিউইআইএল- এর পরিচালক একে মুরিয়া সোমবার বলেছেন, এ রিভলবারের সাইড সুইং সিলিন্ডার আছে। এর ওজন মাত্র ৭০০ গ্রাম এবং লম্বায় ১৭৭ দশমিক ৬ মিলিমিটার। এটির ট্রিগার টানাও খুব সহজ।
নারীরা এই রিভলবার তাদের হাতব্যাগেও বহন করতে পারবে এবং নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারবে।
১৮ অগাস্ট থেকে প্রবালের বুকিং শুরু হবে এবং সাধারণ নাগরিকরা লাইসেন্স দেখিয়ে এ অস্ত্র কিনতে পারবে বলে জানান মুরিয়া।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এডব্লিউইআইএল একটি রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি। ২০২১ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। কানপুরের আরমাপুরে কোম্পানিটি প্রতিরক্ষা পণ্য উৎপাদন করে।
কোম্পানিটি ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে ৬ হাজার কোটি রূপির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অর্ডার পেয়েছে যার মধ্যে ৩০০ সারাং কামান তৈরির অর্ডারও আছে।
