২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের সমর্থন নেই: বাইডেন

তাইওয়ানের নির্বাচনে স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা ডিপিপি প্রার্থী উইলিয়াম লাইয়ের জয়ের পর একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তাইওয়ানের স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের সমর্থন নেই: বাইডেন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 14 Jan 2024, 08:55 AM

Updated : 15 Jan 2024, 07:40 PM

তাইওয়ানে শনিবারে অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।

তাইওয়ানে শনিবারে অনুষ্ঠিত নির্বাচনে জয় পেয়েছেন স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী উইলিয়াম লাই।

চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তিনি তাইওয়ানকে রক্ষার অঙ্গীকার করেছেন। সার্বভৌমত্বের প্রশ্নে চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যেও লাইয়ের জয় তাইওয়ানের স্বাধীনতা লাভের চেষ্টার আশঙ্কা বাড়িয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়া জানতে চেয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে বাইডেন বলেন, ‘আমরা স্বাধীনতাকে সমর্থন করি না।’ এর আগে তাইওয়ানের নির্বাচন নিয়ে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, নির্বাচনে কোনও দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

নিজেদের পাশেই অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তবে ১৯৯৬ সাল থেকে তাইওয়ানে চলে আসছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এর আগে তাইওয়ানে ছিল সামরিক এবং কর্তৃত্ববাদী শাসন।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দেশটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তাইওয়ানে লাই চিং-তে’র জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ভয়ভীতি এবং চাপমুক্তভাবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিব্ধ।

যুক্তরাষ্ট্রের এক চীন নীতির সঙ্গে সঙ্গতি রেখে তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের অনানুষ্ঠানিক সম্পর্ক এগিয়ে নিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই এবং অন্যান্য সব পার্টির নেতাদের সঙ্গে ওয়াশিংটন কাজ করার অপেক্ষায় আছে বলে জানান ব্লিনকেন।

বাইডেন প্রশাসনের আশঙ্কা, নতুন নির্বাচন এবং তাইওয়ানের নতুন প্রশাসন চীনের সঙ্গে চলমান সংঘাত আরও বাড়াবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের সঙ্গে তাদের খারাপ সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।