Published : 22 Apr 2026, 09:00 PM
ওয়াশিংটনে আসন্ন শান্তি আলোচনার প্রাক্কালে লেবানন সরকারকে এক অভাবনীয় প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
সশস্ত্র প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে একযোগে কাজ করতে বুধবার লেবাননকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।
কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে। আমি লেবানন সরকারকে আহ্বান জানাই, আপনাদের ভূখণ্ডে হিজবুল্লাহ যে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ গড়ে তুলেছে, তার বিরুদ্ধে আসুন আমরা একসঙ্গে মিলে কাজ করি।”
গত ২ মার্চ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানের সমর্থনে হিজবুল্লাহ যুদ্ধে যোগ দেওয়ার পর লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা এবং দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল।
গত শুক্রবার থেকে একটি যুদ্ধবিরতি শুরু হলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সহযোগিতা ইসরায়েলের চেয়ে লেবাননের জন্যই বেশি প্রয়োজন। এজন্য নৈতিক স্পষ্টতা এবং ঝুঁকি নেওয়ার সাহসের প্রয়োজন। তবে আপনাদের এবং আমাদের ভবিষ্যৎ শান্তি নিশ্চিত করার জন্য এর কোনও প্রকৃত বিকল্প নেই।”
ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে, বৃহস্পতিবার ওয়াশিংটনে দেশ দুটি আলোচনায় বসতে যাচ্ছে।
গত শুক্রবার থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হুমকির মুখে পড়লে তারা ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবেন।
যুদ্ধবিরতির শর্তানুযায়ী, ‘পরিকল্পিত বা আসন্ন হামলার’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার ইসরায়েলের আছে বলে তারা দাবি করে আসছে।
বুধবারও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের সালুকি এলাকায় ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনকারী’ দুই ব্যক্তিকে তারা হত্যা করেছে। এছাড়া লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দেশটির বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় একটি ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নির্ধারণ করেছে, যার ভেতরে তাদের সেনারা কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবারও হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
ভাষণে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, লেবাননের সঙ্গে ইসরায়েলের কোনও ‘গুরুতর দ্বিমত’ নেই। তিনি বলেন, “দুর্ভাগ্যবশত লেবানন একটি ব্যর্থ রাষ্ট্র, যা কার্যত হিজবুল্লাহর মাধ্যমে ইরানের দখলে রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার পথে একমাত্র বাধা হল হিজবুল্লাহ।”