১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫

চলতি বছরের প্রথম অর্ধে ভিয়েতনামের মোট উৎপাদিত বিদ্যুতের ৬০ শতাংশ এসেছে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 11:52 AM

Updated : 26 Aug 2026, 10:07 AM

ভিয়েতনামের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভূমিধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

মঙ্গলবার এক বিবৃতিতে কোয়াং নিং প্রদেশের পিপলস কমিটি জানায়, সোমবার দেশটির বৃহত্তম কয়লা খনি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। 

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি ভিনাকোমিনের একটি ইউনিটের কর্মী ছিলেন। 

রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে ভিনাকোমিনের কাউকে পাওয়া যায়নি। 

কোয়াং নিংয়ের প্রাদেশিক কমিটি জানিয়েছে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে। 

ভিয়েতনামে প্রায়ই কয়লা খনি দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটি প্রধানত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। চলতি বছরের প্রথম অর্ধে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের ৬০ শতাংশ এসেছে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।  

এপ্রিলে ভিনাকোমিনের আরেকটি ইউনিটের পরিচালিত এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে চার শ্রমিক নিহত ও আরও সাতজন আহত হয়েছিলেন।