রাশিয়ায় যাওয়া ইউক্রেইনীয়দের আর্থিক সহায়তা দিতে পুতিনের ডিক্রি জারি
রাশিয়ায় যাওয়া ইউক্রেইনীয়দের জীবনযাপনের জন্য ভাতা দেওয়ার পাশাপাশি তাদের পাসপোর্টও দিচ্ছে মস্কো।
ইউক্রেইন থেকে রাশিয়ায় চলে যাওয়া ব্যক্তিদের বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ জারি করে শনিবার একটি ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সরকারি একটি পোর্টালে ওই ডিক্রি প্রকাশ করা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ডিক্রিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে যেসব বয়স্ক মানুষ ইউক্রেইন ছাড়তে বাধ্য হয়েছেন তাদের প্রতিমাসে ১০ হাজার রুবল (১৭০ মার্কিন ডলার) করে অবসর ভাতা দেয়া হবে। প্রতিবন্ধীরাও মাসে একই অংকের ভাতা পাবে। আর অন্তঃসত্ত্বা নারীরা এককালীন ভাতা পাবেন।
ইউক্রেইনের নাগরিক ও স্বাধীনতা ঘোষণা করা দোনেৎস্ক ও লুহানস্ক পিপুলস রিপাবলিকের নাগরিকরা ওই সুবিধা পাবে বলেও ডিক্রিতে বলা হয়।
শুধু ভাতা নয়, মস্কো ইউক্রেইনের নাগরিকদের পাসপোর্টও দিচ্ছে। যার সমালোচনা করে ইউক্রেইন ও রাশিয়া বলেছে, মস্কো ইউক্রেইনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো নিজেদের করে নিতে এটা তাদের অবৈধ প্রচেষ্টার অংশ।
