২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দানা’ আতঙ্ক: গতিবিধি নজরে রাখতে স্ক্রিনে চোখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর নবান্নের কন্ট্রোল রুমে জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারারাত জেগে তিনি তদারকি করবেন।

‘দানা’ আতঙ্ক: গতিবিধি নজরে রাখতে স্ক্রিনে চোখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর
ছবি: আনন্দবাজার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ঘূর্ণিঝড় ‘দানা’ বৃহস্পতিবার রাতেই উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। তা শুক্রবার ভোর পর্যন্ত চলবে বলে পূর্বাভাস আছে। ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

এই আশঙ্কার মধ্যে ‘দানা’র গতিবিধি নজরে রাখতে নবান্নের কন্ট্রোল রুমে জায়ান্ট স্ক্রিনে চোখ রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারারাত জেগে তিনি তদারকি করবেন বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ও প্রধান প্রশাসনিক দপ্তর নবান্ন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই কন্ট্রোল রুমে রয়েছেন মমতা। কন্ট্রোল রুমে তার সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও। 

বিকালেই মুখ্যমন্ত্রী জানান, তিনি সারা রাত নবান্নে কাটাবেন। পরিস্থিতির দিকে নজর রাখবেন। তার কথায়, ‘‘মানুষের জীবন সবচেয়ে দামী। জীবন রক্ষা করতে হবে। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে সে কারণে।  রাতে নবান্নেই থাকব। বিপর্যয় মোকাবেলা দপ্তরের সবাই কাজ করবেন।’’

তবে মমতা কেবল কন্ট্রোল রুমেই থাকবেন না নিজের দপ্তরে কাজও করবেন বলেও জানানো হয়েছে নবান্ন সূত্রে। পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজের দফতরে গিয়ে সঠিক জায়গায় প্রয়োজনীয় নির্দেশ দেবেন। তারপর আবার ফিরবেন কন্ট্রোল রুমে। সব কাজ যাতে তার সঙ্গে সমন্বয় রেখে করা হয়, সে ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উড়িষ্যার ভিতরকণিকা এবং ধামারের মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ‘দানা’র সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকায়। ওই দুই জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। আঘাত হানার পর ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে। তার পর ক্রমে তার শক্তিক্ষয় হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজ্যের পাঁচ মন্ত্রীকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পাঁচ জনকে রাজ্যের পৃথক পাঁচটি জায়গায় পাঠিয়ে পরিস্থিতির ওপর নজর রাখতে বলেছেন মমতা।