২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে ‘বোঝাপড়া’ হয়েছে: দাবি পুতিনের

গত মাসে যুক্তরাষ্ট্রে আলাস্কার বৈঠকে এই বোঝাপড়া হয়েছে দাবি করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এতে শান্তির পথ খুলেছে।

ইউক্রেইন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে ‘বোঝাপড়া’ হয়েছে: দাবি পুতিনের
চীনের এসসিও সম্মেলনে পুতিন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গত মাসে আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইউক্রেইন যুদ্ধের অবসান নিয়ে ‘বোঝাপড়া’ হয়েছে।

চীনে আয়োজিত সাংহাই কো-অপারেশ অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলনের বক্তব্যে পুতিন একথা বলেন।

তবে পুতিন স্পষ্ট করেননি যে, ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে তিনি রাজি হবেন কি না। 

এর আগে ট্রাম্প আলোচনার বিষয়ে সাড়া দেওয়ার জন্য পুতিনকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

চীনে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পুতিন ইউক্রেইনে আগ্রাসন চালানোর সিদ্ধান্তের পক্ষে আবারও সাফাই গেয়েছেন। তিনি এই যুদ্ধের ফের পশ্চিমা বিশ্বকে দায়ী করেন।

আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন, সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেইনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন পুতিন। তবে এ বিষয়ে মস্কো এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

পুতিন তিয়ানজিন সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান, ইউক্রেইন সংকট সমাধানে তাদের ভূমিকার জন্য।

 রুশ তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারতকে পশ্চিমারা সমালোচনা করছে, বলছে তারা রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখছে।

পুতিন বলেন, আলাস্কার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যে বোঝাপড়া হয়েছে তা ইউক্রেইনে শান্তির পথ খুলে দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তিনি চীনের সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সঙ্গে আলাপ করবেন।

এসসিও ফোরামে পুতিন ইউক্রেইন সংকট সমাধান সহজ করে দেওয়ার জন্য ভারত ও চীনের প্রস্তাব ও চেষ্টার প্রশংসা করেন। আর আলাস্কায় ট্রাম্পের সঙ্গে হওয়া বোঝাপড়া তার লক্ষ্য পূরণের পথে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের অর্জন নিয়ে তিনি বিস্তারিত চীনের প্রেসিডেন্ট শি কে জানিয়েছেন এবং যুদ্ধ বন্ধে কাজ এরই মধ্যে শুরু হয়েছে। চীনা নেতা ও অন্যান্যদের সঙ্গে আলোচনায় তিনি এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলে জানান পুতিন।

একইসঙ্গে পুতিন এও দাবি করেছেন যে, “এই (ইউক্রেইন) সংকট রাশিয়ার হামলা থেকে শুরু হয়নি, বরং ইউক্রেইনে পশ্চিমাদের মদদে হওয়া অভ্যুত্থান থেকেই এর সূত্রপাত।”

তিনি আবারও অভিযোগ তোলেন, পশ্চিমা শক্তি বারবার ইউক্রেইনকে ন্যাটোয় টেনে নেওয়ার চেষ্টা করেছে, আর সেটিই যুদ্ধের মূল কারণ।

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর রুশপন্থি বিদ্রোহীরা পূর্ব ইউক্রেইনের কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় রাশিয়া।

পুতিনের সর্বশেষ মন্তব্য এসেছে এমন সময়ে, যখন কয়েক দিন আগেই ইউক্রেইনে সবচেয়ে বড় আকাশ হামলার মধ্যে দ্বিতীয়টি চালিয়েছে মস্কো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ট্রাম্প পুতিনকে সোমবার পর্যন্ত সময় দিয়েছেন জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানানোর জন্য। না হলে, “এটি আবারও প্রমাণ করবে যে পুতিন ট্রাম্পকে খেলাচ্ছেন।”

তবে সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে “আরও কয়েক সপ্তাহ” সময় দেবেন, তার আগে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চাইলে একদিনেই ইউক্রেইন যুদ্ধ থামিয়ে দিতে পারেন।

পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠকের পর ট্রাম্প যুদ্ধবিরতির দাবির পরিবর্তে স্থায়ী শান্তিচুক্তির ওপর জোর দেন। তিনি ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।

শান্তিচুক্তির অংশ হিসেবে ট্রাম্প স্পষ্ট করেন, ইউক্রেইনের নেটোয় যোগ দেওয়ার কোনও সুযোগ থাকবে না। তবে তিনি নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন, বলছেন ইউরোপই হবে “প্রথম প্রতিরক্ষা রেখা” এবং যুক্তরাষ্ট্রও এর সঙ্গে যুক্ত থাকবে—যদিও মার্কিন সেনা পাঠানোর প্রশ্নই নেই।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, এ সপ্তাহেই নিরাপত্তা নিশ্চয়তার কাঠামো লিখিত আকারে পাওয়া যাবে। কিন্তু রাশিয়া এরই মধ্যে পশ্চিমাদের প্রস্তাবকে “একপেশে এবং রাশিয়াকে ঘিরে রাখার পরিকল্পনা” বলে সমালোচনা করেছে।

ওদিকে, মস্কোর লাগাতার হামলায় ইউক্রেইনের অসংখ্য মানুষ নিহত হচ্ছে। গত বৃহস্পতিবার কিয়েভে ৬২৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, এতে নিহত হয় ২৩ জন। ইউরোপীয় দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

জার্মানি ও ফ্রান্স প্রতিশ্রুতি দিয়েছে, রাশিয়াকে শান্তিচুক্তির পথে আনতে তারা চাপ অব্যাহত রাখবে। তবে জেলেনস্কি ‘বাফার জোন’-এর প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। তার অভিযোগ, রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয়, বরং যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়।