১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার ‘এমএমসি পোর্টসের’ নেতৃত্ব পাচ্ছেন ডিপি ওয়ার্ল্ডের সেই বিন সুলায়েম

জেফরি এপস্টেইনের সঙ্গে যোগসাজসের ঘটনায় গেল ফেব্রুয়ারিতে তিনি ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব ছাড়েন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 01:02 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

মালয়েশিয়ার বন্দর পরিচালনকারী কোম্পানি— এমএমসি পোর্টসের নেতৃত্ব পাচ্ছেন ডিপি ওয়ার্ল্ডের সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম।

বুধবার এ খবর দিয়ে রয়টার্স লিখেছে, তারা কোম্পানির অভ্যন্তরীণ এক নথির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছে। 

এর মধ্যদিয়ে মালয়েশিয়ার সবচেয়ে বড় বন্দর পরিচালনাকারী কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বিন সুলায়েমের হাতে। 

রয়টার্স লিখেছে, এমএমসি পোর্টসের প্রধান নির্বাহী আজমান শাহ মোহদ ইউসুফ তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 

লজিস্টিকস খাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ছয় মহাদেশে বন্দর ব্যবসায় সম্পৃক্ত। 

দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে যোগসাজসের ঘটনায় সমালোচনার মুখে গত ফেব্রুয়ারিতে কোম্পানিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান বিন সুলায়েম। তিনি বর্তমানে এমএমসির নির্বাহী চেয়ারম্যান। 

এমএমসির যে যে নথির বরাতে রয়টার্স এ খবর দিয়েছে, তাতে তারিখ লেখা ১২ জুলাই। সেখানে অবশ্য আজমান শাহ মোহদ ইউসুফের পদত্যাগের কারণ বলা হয়নি। নতুন প্রধান নির্বাহী কবে দায়িত্ব নেবেন, নথিতে সেটাও বলা ছিল না। 

রয়টার্স লিখেছে, বন্দর খাতের অভিজ্ঞ ব্যবসায়ী বিন সুলায়েম ঠিক কবে এমএমসি পোর্টসের নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন, তা তারা নিশ্চিত হতে পারেনি।

এমএমসি পোর্টস যেসব বন্দর পরিচালনা করে, সেগুলোর সাতটির অবস্থান মালাক্কা প্রণালির আশপাশে। 

ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী এই সরু সমুদ্রপথ বিশ্ব বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, তেল পরিবহনের পরিমাণের দিক থেকে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।

আরো পড়ুন-

এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ