কঙ্গোয় ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ নিহত
কঙ্গো গোলযোগপূর্ণ অবস্থায় থাকার সময়ে এ বন্যা হল। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর পূর্বাঞ্চলে জোর হামলা চালিয়ে আসছে।
ডেমোক্র্যাপিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের টাঙ্গানইকা হ্রদের তীরের কাছে কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় ১০০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
কঙ্গো গোলযোগপূর্ণ অবস্থায় থাকার সময়ে এই বন্যা হল। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর পূর্বাঞ্চলে জোর হামলা চালিয়ে আসছে। বছরের প্রথম দু’মাসেই এ সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক সামি কালোদজি শনিবার রাতে জানান, বন্যা দুর্গত অঞ্চল থেকে পাওয়া খবরে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু কথা বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা এখনও কিনশাসা সরকারি প্রশাসনের অধীন। অর্থাৎ, এলাকাটি এম২৩ বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।
দক্ষিণ কিভু প্রদেশের সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে প্রবল টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়াযর কারণে কাসাবা নদীর পানি উপচে বন্যা হয়।
বিবৃতিতে বন্যায় ৬২ জনের প্রাণহানি এবং ৩০ জন আহতের তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, কাসাবা গ্রামে কেবল টাঙ্গানইকা হ্রদ হয়েই যাওয়া যায়। সেখানে কোনও মোবাইল নেটওয়ার্কও নেই। ফলে গ্রামটিতে ত্রাণ পৌঁছতে দেরি হতে পারে।
