গুহা থেকে থাই কিশোরদের উদ্ধারকাণ্ডে ‘নায়ক’ খ্যাত কর্মকর্তার মৃত্যু
থাইল্যান্ডে নারোংসাককে আদর করে ‘ওয়াইল্ড বোর গভর্নর’ ডাকা হতো। যে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি, তাদের ফুটবল দলের নাম ছিল ওয়াইল্ড বোর।
থাইল্যান্ডের একটি জলমগ্ন গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধারের কার্যক্রম দেখভাল করা এক কর্মকর্তা ক্যান্সারে মারা গেছেন।
২০১৮ সালের ২৩ জুন থাম লুয়াং নামের গুহাটিতে ওই ১৩ জন আটকা পড়েছিলেন, দুই সপ্তাহেরও বেশি সময় পর সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
ওই কাণ্ডের পঞ্চম বর্ষপূর্তির প্রাক্কালে বুধবার নারোংসাক ওসোতানাকর্ন নামের থাই ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
থাইল্যান্ডে নারোংসাককে আদর করে ‘ওয়াইল্ড বোর গভর্নর’ ডাকা হতো। যে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি, তাদের ফুটবল দলের নাম ছিল ওয়াইল্ড বোর।
চার মাস আগে দলটির ১৭ বছর বয়সী অধিনায়ক ডুয়ংপেত প্রমথেপও যুক্তরাজ্যে মারা যান। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে সেসময় থাই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।
নারোংসাক ছিলেন চিয়াং রাই প্রদেশের গভর্নর। থাইল্যান্ডের উত্তরের এই প্রদেশের থাম লুয়াং গুহায় কিশোরদল ও তাদের কোচ ১৮ দিন আটকা ছিল।
সেসময় নারোংসাক চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একাধিক দেশের লোকদের নিয়ে পরিচালিত উদ্ধার অভিযানের সমন্বয় করেছিলেন। তাকে প্রায়ই গুহাটির কাছে দেখা যেত, কী ঘটছে, কী পরিকল্পনা সব বিষয়ে গণমাধ্যমকে প্রতিদিন ব্রিফিংও করতেন তিনি।
গুহা থেকে কিশোরদের উদ্ধার করে থাইল্যান্ডজুড়ে নায়কের সম্মান পেয়েছিলেন তিনি। তার ভাষ্যমতে, ওই ঘটনা ‘সমগ্র মানবজাতিকে ঐক্যবদ্ধ’ করেছিল।
“দশ হাজারের বেশি মানুষ জড়িত ছিল ওই উদ্ধার কাজে। যদি এর মধ্যে কোনো একটি কাজ না হতো, তাহলেই আমরা আর উদ্ধারকাজে সফল হতে পারতাম না,” ২০১৮ সালে অলাভজনক প্রতিষ্ঠান এশিয়া সোসাইটির দেওয়া পুরস্কার পাওয়ার পর করা মন্তব্যে বলেছিলেন নারোংসাক।
থাই এই কর্মকর্তাকে শেষ দেখা গেছে তার মৃত্যুর ছয় দিন আগে, মেয়ের বিয়ের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে হুইল চেয়ারে অংশ নেওয়া, মাস্ক পরিহিত দুর্বল গভর্নরের ছবি থাই গণমাধ্যমে প্রকাশিতও হয়।
তিনি ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
তার শেষকৃত্য হয় ব্যাংককের একটি মন্দিরে, থাই রাজপরিবার ওই অনুষ্ঠানে ফুল ও পবিত্র পানি পাঠিয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। তার স্মরণে এক বৌদ্ধ আচার অনুষ্ঠানে ওয়াইল্ড বোর দলের অনেক কিশোরই অংশগ্রহণ করে, বলেছে থাই গণমাধ্যম।
১৯৬৫ সালে জন্ম নেওয়া নারোংসাক অভিজ্ঞ আমলা ছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদসহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সামলেছেন। ২০১৭ সালে তিনি চিয়াং রাই প্রদেশের গভর্নর হন, ওই পদে তিনি ছিলেন ১৫ মাস।
থাম লুয়াং গুহায় ওই কিশোরদল ও তাদের কোচের আটকা পড়ার সময়ে তিনি একটি ছোট প্রদেশ ফাইয়াওতে বদলি হয়ে গিয়েছিলেন; কিন্তু গুহায় কিশোরদের আটকা পড়ার খবর শুনে তিনি ফাইয়াও যাওয়া পিছিয়ে দেন এবং উদ্ধারকাজের দেখভালে নেমে পড়েন।
পৃথিবীর আকার-আকৃতি নিয়ে গবেষণা করা জিওডেটিক সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া নারোংসাক মৃত্যুর সময় ছিলেন পাথুম থানি প্রদেশের গভর্নর, এ্ই পদে তিনি ২০২১ সাল থেকে কর্মরত ছিলেন। তাকে একাধিকবার ব্যাংককের গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হলেও, স্বাস্থ্যজনিত কারণে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেছিলেন।
