২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 28 Nov 2024, 08:46 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। 

এরপর বৃহস্পতিবারেই হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করে। কয়েকটি সন্দেহজনক গাড়ি দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় পৌঁছছে বলে অভিযোগ করে ইসরায়েলি সামরিক বাহিনী। 

ওদিকে, লেবাননের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরায়েলি ট্যাংক দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন হিজবুল্লাহ আইনপ্রণেতা হাসান ফাদাল্লাহ। 

পার্লামেন্টের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত যেসব বাসিন্দা সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে যাচ্ছে তাদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি শত্রুরা। এভাবে ইসরায়েল আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।”

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারকাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশপাশের এলাকা গুলোতে ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে।

এ সবগুলো এলাকাই লেবানন এবং ইসরায়েলের মধ্যকার সীমানা চিহ্নিত ব্লু লাইনের দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত। ইসরায়েলের হামলায় মারকাবায় দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত চলার সময় দক্ষিণ লেবানন সীমান্তে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া মানুষেরা যুদ্ধবিরতির পর আবার নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। 

তবে ইসরায়েলের সেনারা এখনও সীমান্তবর্তী শহরগুলোতে অবস্থান করছে। রয়টার্সের সাংবাদিকরা দক্ষিণ লেবাননের কিছু অংশে নজরদারি ড্রোন উড়ার শব্দও শুনেছেন।

লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি এক বিরল কূটনৈতিক অর্জন। এর মধ্য দিয়ে কয়েক বছরের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান হয়েছে। তবে ইসরায়েল এখনও গাজায় তাদের আরেক শত্রু ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে।

লেবাননে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে ৬০ দিন সময় লাগতে পারে। কিন্তু কোনও পক্ষই আক্রমণাত্মক অভিযান চালাতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সীমান্তের কাছের গ্রামগুলোতে বাসিন্দাদের ফিরতে না দিতে।

তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় লেবাননের শীর্ষ আলোচক লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বুধবার বলেছিলেন, বাসিন্দারা ঘরে ফিরতে পারবেন।