২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তি’ চায় ইরান

তেহরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘বিরাট অগ্রগতি’ হয়েছে, ট্রাম্প এমন দাবি করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তি’ চায় ইরান
বেইজিংয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক। ছবি: পার্সটুডে

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ‘একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ শুধু গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে ইরান।   

তেহরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘বিরাট অগ্রগতি’ হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওই মন্তব্য করেন, ইরানি গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। 

চীন সফররত আরাকচি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পর বুধবার বেইজিংয়ে বলেন, “আলোচনায় আমরা আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা শুধুমাত্র একটি ন্যায্য ও ব্যাপক চুক্তি গ্রহণ করবো।”  

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম সফর। 

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না, ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন আরাকচি। 

চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ অভিহিত করে চলমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ বলে জানান আরাকচি। ইরান ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, এমন আশা প্রকাশ করেছেন তিনি। 

অপরদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের অবরোধ তুলে নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি। 

প্রেসিডেন্ট ট্রাম্প পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালির বাইরে নিয়ে আসার মার্কিন সামরিক বাহিনীর অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলেও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি আরাকচি। 

মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে বিরাট অগ্রগতি’ হওয়ায় মধ্যস্থতাকারী পাকিস্তান ও অন্যান্য দেশের ‘অনুরোধের ভিত্তিতে’ হরমুজ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ট্রাম্পের এ ভাষ্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের সঙ্গে আলোচনায় কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 

তবে ট্রাম্পের পোস্টের পর ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম এক দশমিক দুই শতাংশ কমে ১০৮ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: 

হরমুজ প্রণালিতে মার্কিন অভিযান 'প্রোজেক্ট ফ্রিডম' স্থগিত করলেন ট্রাম্প