২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে কটূ মন্তব্য, ভারতে বিজেপি বিধায়ক গ্রেপ্তার

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হায়দ্রাবাদে ব্যাপক বিক্ষোভ হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়।

নবীকে নিয়ে কটূ মন্তব্য, ভারতে বিজেপি বিধায়ক গ্রেপ্তার

তেলেঙ্গানার বিজেপি দলীয় বিধায়ক টি রাজা সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 02:05 PM

Updated : 23 Aug 2022, 02:05 PM

নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূ মন্তব্য করার পর ব্যাপক প্রতিবাদের মুখে গ্রেপ্তার হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন বিধায়ক।

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতে হায়দ্রাবাদ শহরে ব্যাপক বিক্ষোভ হয়, এরপর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়; জানিয়েছে ভারতীয় গণমাধ্যমের।

হায়দ্রাবাদের সাউথ জোন পুলিশের ডেপুটি কমিশনার পি সাই চৈতন্য জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সম্পর্কিত আইনের ধারায় রাজা সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দর দপ্তরের সামনে এবং নগরীর অন্যান্য অংশে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজার বিতর্কিত মন্তব্যের ১০ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর হায়দ্রাবাদ ও সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।

হিন্দু দেবতাদের নিয়ে ভারতীয় কৌতুক অভিনেতা মুনওয়ার ফারুকি কথিত ভিডিওগুলোর মতো তারটিও একটি ‘কমেডি’ ভিডিও বলে দাবি করেছিলেন রাজা। এনডিটিভি জানিয়েছে, রাজা সম্প্রতি ফারুকির্ একটি অনুষ্ঠান পণ্ড করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।

হায়দ্রাবাদে প্রতিবাদে নামা জনতা জানায়, রাজার মন্তব্য মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হেনেছে এবং তারা তার আশু গ্রেপ্তার দাবি জানায়।

হায়দ্রাবাদ শহরের বিভিন্ন স্থানে এবং পুলিশ কমিশনারের দপ্তরের সামনে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ তাদের অনেককে আটক করে বিভিন্ন থানা হেফাজতে পাঠিয়ে দেয়।

হায়দ্রাবাদ নগরীর গোশমহল এলাকার বিধায়ক রাজা সিং গত শুক্রবার একটি কমেডি শো পণ্ড করার চেষ্টা করেছিলেন। ৫০ জন সমর্থক নিয়ে মুনওয়ার ফারুকির অনুষ্ঠানস্থলে হাজির হয়ে তা বাতিল করার চেষ্টা করেন তিনি। পরে পুলিশ এসে তাকে নিয়ে গেলে নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হয়।

এর আগে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতকে কূটনৈতিক চাপে ফেলে দিয়েছিলেন। চাপের মুখে নূপুর শর্মাকে পদচ্যুত করে পরিস্থিতি সামাল দেয় ভারতের বিজেপি সরকার। ওই সময় ভারতজুড়ে নূপুরের বিরুদ্ধে ১০টির মতো মামলা হয়।