২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর পার করছে বেইজিং

২০২৩ ছিল চীনের রাজধানীর জন্য চরমভাবাপন্ন আবহাওয়ার বছর। চরম গরমে মাত্র ছ’মাস আগেই প্রাণ ওষ্ঠাগত দিন দেখেছে বেইজিং।

৭২ বছরের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা ডিসেম্বর পার করছে বেইজিং

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 09:45 PM

Updated : 26 Dec 2023, 12:08 AM

চীনের রাজধানী বেইজিং কাঁপছে রেকর্ড ঠাণ্ডায়। ১৯৫১ সাল থেকে শীতের রেকর্ড  রাখা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে ঠান্ডা ডিসেম্বর পার করছে এই নগরী। তাপমাত্রা ঘন ঘনই নেমে যাচ্ছে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে।

বিবিসি জানায়, ২০২৩ সালটি বেইজিংয়ের জন্য চরমভাবাপন্ন আবহাওয়ার একটি বছর হয়ে বিরাজ করেছে। চরম গরমে মাত্র ছয় মাস আগেই প্রাণ ওষ্ঠাগত দিন দেখেছে এই নগরীর মানুষ।

গত জুনে সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড গড়েছিল বেইজিং। তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এই শীতে চীনে ইতোমধ্যেই কয়েকদফায় শৈত্যপ্রবাহ দেখা গেছে। দেশটির বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের নিচে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল, ঘটছে দুর্ঘটনাও।

বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়।বেইজিংয়ের পরিবহন ব্যবস্থায় এমন দুর্ঘটনা সচরাচর ঘটে না। সেখানে দুর্ঘটনায় এত বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।

চায়না ডেইলি সংবাদ সংস্থা জানায়, বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর সম্প্রতি জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসে দুই সপ্তাহে (২৪ ডিসেম্বর পর্যন্ত) ৩০০ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে চীনজুড়ে বিভিন্ন প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছু জায়গায় স্কুল বন্ধ করে দিতে হচ্ছে। যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

কেবল চীনই নয়, এবার শীতে উত্তর জাপানের কিছু অংশেও বিশাল তুষারপাত দেখা গেছে। ওদিকে, সম্প্রতি কয়েক সপ্তাহে হিমাঙ্কের নিচে তাপমাত্রা (মােইনাস ১৬ থেকে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস) দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়।

তবে উত্তর কোরিয়ায় বাসিন্দারা কীভাবে ডিসেম্বরের চরম শীত মোকাবেলা করছে, সেটি পরিষ্কার নয়।