২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফিম উৎপাদনে আফগানিস্তানকে টপকে শীর্ষে মিয়ানমার

আফগানিস্তানে গত বছর তালেবান সরকার ক্ষমতায় আসার পর মাদকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটিতে পপি চাষ ৯৫ শতাংশ কমে গেছে।

আফিম উৎপাদনে আফগানিস্তানকে টপকে শীর্ষে মিয়ানমার

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 05:22 PM

Updated : 12 Dec 2023, 07:59 PM

আফিম উৎপাদনে আফগানিস্তানকে ছাড়িয়ে এখন শীর্ষস্থানে উঠে এসেছে মিয়ানমার। জাতিসংঘের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আফিম উৎপাদন ৩৬ শতাংশ বাড়িয়ে মিয়ানমার ১,০৮০ টনে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে, আফগানিস্তান এ বছর ৩৩০ টন আফিম উৎপাদন করেছে বলে খবর পাওয়া গেছে।

আফগানিস্তানে গত বছর তালেবান সরকার ক্ষমতায় আসার পর মাদকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটিতে পপি চাষ ৯৫ শতাংশ কমে গেছে।

অন্যদিকে, মিয়ানমারে বেড়েছে পপি চাষ। সেখানে চলমান গৃহযুদ্ধে আর্থিক বিপর্যয়ের মুখে আফিম উৎপাদনকে আকর্ষণীয় বিকল্প বা জীবিকা নির্বাহের উপায় হিসেবে দেখা হচ্ছে।

জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম সংশ্লিষ্ট দপ্তরের (ইউএনওডিসি) আঞ্চলিক প্রতিনিধি ডগলাস জেরেমি বলেন, “২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের অর্থনীতি, নিরাপত্তা এবং শাসন সবই বিঘ্নিত হয়েছে। সংঘাত, অস্থিতিশীলতার কারণে দেশটির প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা জীবিকা নির্বাহের জন্য আফিম উৎপাদনের দিকে ঝুঁকছে।”

পপি চাষ থেকে আফিম উৎপাদন হয়। আর এই আফিম শক্তিশালী মাদক হেরোইনের মূল উপাদান। মিয়ানমারে দশকের পর দশক ধরে আফিম উৎপাদন হয়ে আসছে। সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ে তহবিল জোগায় এই আফিম।

২০২১ সালে সামরিক অভ্যুত্থান থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর কেবল গতবছরেই পপি চাষ আনুমানিক ১৮ শতাংশ বেড়েছে। তাছাড়া, আফিমের দাম বেড়ে যেতে থাকার কারণেও আরও বেশি মানুষ এটি উৎপাদন করতে আগ্রহী হচ্ছে।

সূত্র: বিবিসি।