২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ ছিল চীনের বরখাস্ত সেই পররাষ্ট্রমন্ত্রীর

রহস্যজনকভাবে এক মাস জনসম্মুখে অনুপস্থিত থাকার পর গত জুলাইয়ে তিনি বরখাস্ত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 02:46 AM

Updated : 24 Jan 2024, 02:46 AM

গত জুলাইয়ে হঠাৎ করেই পররাষ্ট্রমন্ত্রী বদল করে চীন। সেসময় পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় কিন গ্যাংকে। এর আগে বেশ কিছুদিন তিনি নিখোঁজ ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া কিন গ্যাং যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির তদন্তে সেই তথ্য বেরিয়ে এলে তার চাকরি যায়।

বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাতে দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় কিন গ্যাং তদন্তে সহযোগিতা করছেন। তার বিবাহবহির্ভূত সম্পর্ক কিংবা আচরণ চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসাবে নিজের পুরো মেয়াদেই কিন গ্যাং বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন। এমনকি সেই সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্রে গ্যাংয়ের সন্তানেরও জন্ম হয়েছিল বলে দুটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে।

কি গ্যাংকে তার এমন জীবনধারার কারণে বরখাস্ত করা হয়েছে বলে চীনের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

কিন গ্যাং প্রায় ছয় মাস চীনের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেন। রহস্যজনকভাবে এক মাস জনসম্মুখে অনুপস্থিত থাকার পর গত জুলাইয়ে তিনি বরখাস্ত হন। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হন ওয়াং ই।

কিন গ্যাংকে বরখাস্ত করার আগে একটি কূটনৈতিক বৈঠকে তার অনুপস্থিতির কারণ হিসেবে ‘স্বাস্থ্য সমস্যার’ কথা বলেছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদসূত্র: রয়টার্স, সিএনএন

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)