২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের নেটো সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

বেলারুশের উত্তলে লিথুয়ানিয়া ও লাটভিয়া এবং পশ্চিমে পোল্যান্ডের সীমান্ত আছে। এই দেশগুলো নেটোর পূর্ব প্রান্তের সদস্য রাষ্ট্র।

বেলারুশের নেটো সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

রাশিয়ার একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 05:01 PM

Updated : 03 Apr 2023, 05:24 PM

বেলারুশের পশ্চিমাঞ্চলে নেটোভুক্ত দেশগুলোর সীমান্তের কাছে রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো মোতায়েন করবে।

রোববার জানিয়েছেন বেলারুশের রাজধানী মিনস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।

বেলারুশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি বলেছেন, “(অস্ত্রগুলো) আমাদের সঙ্ঘ রাষ্ট্রের পশ্চিম সীমান্তে নিয়ে যাওয়া হবে আর এতে নিরাপত্তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা বাড়বে। ইউরোপ ও ‍যুক্তরাষ্ট্রে কোলাহল সত্ত্বেও এটি করা হবে।” 

অস্ত্রগুলো কোথায় মোতায়েন করা হবে গ্রিজলভ তা নির্দিষ্ট করে না জানালেও বলেছেন, পুতিনের নির্দেশমতো ১ জুলাইয়ের মধ্যে একটি স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি হয়ে যাবে তারপর পশ্চিম বেলারুশে নিয়ে যাওয়া হবে।

বেলারুশের উত্তলে লিথুয়ানিয়া ও লাটভিয়া এবং পশ্চিমে পোল্যান্ডের সীমান্ত আছে। এই দেশগুলো নেটোর পূর্ব প্রান্তের সদস্য রাষ্ট্র। রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর এই দেশগুলোতে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে পশ্চিমা সামরিক জোটটি।

এখন ওই সীমান্তের কাছে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধ আরও বাড়তে পারে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের।

২৬ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।

এটিকে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর ১৩ মাসের মধ্যে রাশিয়ার অন্যতম সবচেয়ে লক্ষণীয় পারমাণবিক সংকেত বলে উল্লেখ করেছে রয়টার্স। 

বার্তা সংস্থাটি জানিয়েছে, জাতিগতভাবে স্লাভ প্রধান প্রতিবেশী রাশিয়া ও বেলারুশ আনুষ্ঠানিকভাবে একটি ‘ইউনিয়ন স্টেট’ এর অংশ এবাং তারা আরও একীভূত হওয়ার জন্য কয়েক বছর ধরে আলোচনা চালিয়ে আসছে। গত বছর মিনস্ক বেলারুশের এলাকা ব্যবহার করে ইউক্রেইনে সেনা পাঠানোর জন্য মস্কোকে অনুমোদন দেওয়ার পর এই প্রক্রিয়া আরও বেগবান হয়েছে।

রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠাতে পারে এমন সম্ভাবনায় যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও তাদের অন্যান্য মিত্ররা উদ্বেগ জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো বলেছেন, প্রয়োজন হলে তারা তাদের দেশে রাশিয়াকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাখারও অনুমতি দেবে।

আরও খবর:

পুরনো খবর:

নেটোকে ঠেকাতেই রুশ পারমাণবিক অস্ত্র রাখতে হচ্ছে, বলছে বেলারুশ