২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় দেশগুলো সম্মিলিত সেনাবাহিনী গঠন করবে না: পোল্যান্ড

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানানোর পর পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।

ইউরোপীয় দেশগুলো সম্মিলিত সেনাবাহিনী গঠন করবে না: পোল্যান্ড
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 09:03 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

রাশিয়ার হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো সম্মিলিত সেনাবাহিনী গঠন করবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি। শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

এর আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিনই রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র হয়ত আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না।

ইউরোপ একটি শক্তিশালী সেনাবাহিনী গড়লেই কেবল ওয়াশিংটনের কাছ থেকে সম্মান পাবে। ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে সিকোরস্কি সংবাদমাধ্যম টিভিপি ওয়ার্ল্ডকে বলেন, “আমাদের এই শব্দটি ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ মানুষ ভিন্ন কিছু বুঝে।”

“আপনি যদি এর মাধ্যমে জাতীয় সেনাবাহিনীগুলোর একত্রীকরণকে বুঝে থাকেন, তাহলে তা ঘটবে না। তবে আমি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলার পক্ষে কথা বলে এসেছি। ইইউ বর্তমানে একটি শক্তিশালী ব্রিগেড গঠন করছে।"

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি চায় যে, আমরা প্রতিরক্ষা জোরদার করি, তাহলে আমাদের একটি জাতীয় অংশ, নেটো অংশ থাকা উচিত, তবে আমি মনে করি ইউরোপীয় ইইউ অংশও থাকা উচিত। আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা শিল্পের জন্য ইইউ ভর্তুকির পাশাপাশি একটি ইইউ বাহিনীও থাকা উচিত যেটি তার নামের যোগ্য হবে।”

তিনি আরও বলেছেন, ইউক্রেইনে পোলিশ সেনা মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নেই। কারণ, নেটোর প্রতি পোল্যান্ডের দায়িত্ব হল পূর্ব দিক, অর্থাৎ তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করা।