গাজা দখলে নিতে চাই, কিন্তু রাখতে চাই না: নেতানিয়াহু
গাজা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসার আগে দিয়ে ফক্স নিউজকে একথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ইসরায়েল গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায়, তবে দীর্ঘমেয়াদে তা নিজেদের করে ধরে রাখতে চায় না—এমন কথাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসার আগে দিয়ে ফক্স নিউজকে একথা বলেন নেতানিয়াহু।
সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা (গাজা) নিয়ন্ত্রণ নিতে ইচ্ছুক- আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, হামাসকে সরানোর জন্য, গাজার মানুষকে মুক্ত করার জন্য এবং গাজাকে বেসামরিক শাসনের আওতায় আনার জন্য।”
তিনি বলেন, “আমরা গাজাকে এমন একটি বেসামরিক শাসনের অধীনে হস্তান্তর করতে চাই, যারা হামাস নয় এবং যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে সোচ্চার হবে না।”
“আমরা নিজেদের মুক্ত করতে চাই, গাজার মানুষকেও হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে মুক্ত করতে চাই,” বলেন নেতানিয়াহু। তবে তিনি সাফ জানিয়ে দেন, “আমরা গাজাকে নিজেদের দখলে রাখতে চাই না।
“আমরা সেখানে একটি নিরাপত্তা পরিসর চাই, কিন্তু গাজা শাসন করতে চাই না। সেখানে ক্ষমতাসীন হিসেবে থাকতে চাই না।”
নেতানিয়াহু এই কথা বলার পরপরই ইসরায়েলি গণমাধ্যমে গাজা ভূখণ্ডের সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় বৈঠক শুরুর খবর এসেছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ “বিপর্যয়কর পরিণতি” বয়ে আনতে পারে।
গাজায় যারা জিম্মি হয়ে আছে তাদের পরিবারগুলোর আশঙ্কা, এই হামলা তাদের প্রিয়জনদের জীবন আরও ঝুঁকিতে ফেলবে।
যুদ্ধ শেষের জন্য বাড়ছে আন্তর্জাতিক চাপ:
গাজা যুদ্ধ থামাতে এবং সেখানে আরও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে, এমনকি ঘনিষ্ঠ মিত্রদের তরফ থেকেও।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, নেতানিয়াহু মনে করেন গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণই ফিলিস্তিনের মুক্তকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের মুক্ত করার একমাত্র পথ, বিশেষ করে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর।
গাজার মানবিক পরিস্থিতি ইতোমধ্যে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা।
এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর গাজার ‘পুরো নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু তা দখলে না রাখার’ কৌশল কীভাবে বাস্তবায়িত হবে এবং তা আন্তর্জাতিক চাপ ও মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে কতটা সফল হবে—তাই এখন দেখার বিষয়।
