তুরস্কে ভূমিকম্পের ১০ দিন পর এক কিশোরী জীবিত উদ্ধার
তুরস্কের কাহরামানমারাস প্রদেশে ধ্বংস্তুপ থেকে ১৭ বছর বয়সী এই কিশোরীকে উদ্ধার করা হয়।
ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাস প্রদেশে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংস্তুপ থেকে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভূমিকম্পের ২৪৮ ঘন্টা পর এই কিশোরীকে উদ্ধারের খবর জানিয়েছে তুরস্কের সংবাদ সম্প্রচারমাধ্যম টিআরটি হারবার। ফুটেজে দেখা গেছে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচেছ।
গত ৬ ফেব্রুয়ারিতে হওয়া এই ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা অন্তত ৩৬ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮শ জনে।
দুই দেশ মিলে মোট মৃতের সংখ্যা ৪২,০০০ পেরিয়ে গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ হয়ে আছে। দুই দেশ মিলে ঠিক কত মানুষ নিখোঁজ, তা এখনও জানা যায়নি।
তুরস্কে এখনও ধ্বংসস্তুপ থেকে কাউকে কাউকে জীবিত পাওয়া যাচ্ছে। গত বুধবারও কাহরামানমারাস থেকে উদ্ধার পেয়েছেন দুই নারী। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও মানুষকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।
বহু পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের লাশ উদ্ধারের অপেক্ষায় আছে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নির্মাণকাজ প্রশ্নবিদ্ধ হয়েছে। ত্রুটিপূর্ণভাবে ভবন নির্মাণের কারণে ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুতে জনমনে ক্ষোভ বাড়ছে।
তুরস্কের আনতাকিয়া নগরীতে এক বাসিন্দা বলেন, “আমার দুই সন্তান আছে। তারা দুইজনই ধ্বংসস্তুপে চাপা পড়েছে।” ভূমিকম্পে ভবন ধসে প্রায় ৬৫০ জন মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এক বাসিন্দা বলেন, “আমরা অভিজাত এলাকা হিসাবে এই জায়গায় বাসা ভাড়া নিয়েছি। আমরা কীভাবে জানব যে ঠিকাদাররা এভাবে এই ভবনগুলো তৈরি করেছে? সবাই কেবল মুনাফার দিকে দেখে। তারা সবাই দোষী।”
ভবনগুলোর নির্মাণকাজে জড়িত বলে কাউকে সন্দেহ হলেই তার বিরুদ্ধে তদন্ত চালানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। এরই মধ্যে সন্দেহভাজন ১০০ জনকে গ্রেপ্তারও করেছে কর্তৃপক্ষ।
