রাশিয়া আরও সেনা সমাবেশের নতুন পরিকল্পনা করছে: ইউক্রেইন
যদিও সম্প্রতি ইউক্রেইনের হামলায় বেশ কিছু সংখ্যক সেনা খুইয়ে দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় সমালোচনার মুখে রয়েছে রাশিয়া।
নতুন করে বড় ধরনের হামলা চালিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে রাশিয়া আরও সেনা সমাবেশের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যদিও সম্প্রতি ইউক্রেইনের হামলায় বেশ কিছু সংখ্যক সেনা খুইয়ে দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় সমালোচনার মুখে রয়েছে রাশিয়া।
ইউক্রেইনের রাজধানী কিইভ অবশ্য কয়েক সপ্তাহ ধরেই বলে আসছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকটি সেনা সমাবেশের নির্দেশ দেওয়া এবং মানুষজনের পালিয়ে যাওয়া আটকাতে সীমান্ত বন্ধের পরিকল্পনা করেছেন।
মঙ্গলবার রাতের এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “আমাদের কোনও সন্দেহ নেই যে, রাশিয়ার বর্তমান প্রভুরা যুদ্ধের গতি-প্রকৃতি বদলে দিতে কিংবা অন্তত পরাজয় বিলম্বিত করতে তাদের যা কিছু অবশিষ্ট আছে তার সবই ছুড়ে দেবে।”
“আমাদেরকে রাশিয়ার এই অবস্থানের ব্যঘাত ঘটাতে হবে। এজন্য আমরা প্রস্তুত হচ্ছি। সন্ত্রাসীদেরকে হারতেই হবে। তাদের নতুন অভিযানের যে কোনও চেষ্টা ব্যর্থ হতে হবে।”
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বুধবার নববর্ষের প্রথম প্রহরে দোনেৎস্কের মাকিভকায় ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ রুশ সেনার মৃত্যুর পেছনে ওই সেনাদলের সদস্যদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করেছে।
রাশিয়া বুধবার তাদের বিবৃতিতে মাকিভকায় হামলায় নিহত সেনার সংখ্যাও ৬৩ থেকে বাড়িয়ে ৮৯ করেছে। রাশিয়া এর আগ পর্যন্ত যুদ্ধের কোনো ঘটনায় একসঙ্গে এত সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি।
এখন রাশিয়া নতুন করে আরও সেনা সমাবেশের পরিকল্পনা করতে থাকলে মাকিভকায় বিপুল সেনা নিহতের ওই ঘটনা রুশ বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। ইউক্রেইনে যুদ্ধে গত বছর সেপ্টেম্বরে সুবিধা করতে না পেরে রুশ প্রেসিডেন্ট পুতিন প্রথমবারের মতো রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর পর শত শত রুশ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছিল।
পুতিন গতমাসে বলেছিলেন, বাড়তি সেনা সমাবেশের কোনও প্রয়োজন নেই। কিন্ত ক্রেমলিন এখন সেকথাই ভাবছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ইউক্রেইনে অসম্পূর্ণভাবে পরিচালিত অভিযান নিয়ে রাশিয়ায় অনেকেই সরব হচ্ছেন। প্রেসিডেস্ট পুতিন সরাসরি সমালোচনা কিংবা তোপে না পড়লেও সবব রোষ গিয়ে পড়ছে রুশ সামরিক কমান্ডারদের ওপর।
এমন পরিস্থিতিতে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার কর্মকর্তা আন্দ্রি চারনিয়াক আরবিসি-ইউক্রেইন গণমাধ্যমে বলেছেন, রাশিয়া অনেক সেনা খোয়ানোর পরও এ বছর অভিযানে কোনও ছাড় দেবে বলে মনে হয় না।
তিনি বলেন, “ইউক্রেইনের সামরিক গোয়েন্দাদের হিসাবমতে, আগামী চার-পাঁচ মাসে রাশিয়ার সেনাবাহিনী ৭০ হাজার মতো সেনা খোয়াতে পারে। আর দখলদার দেশটির (রাশিয়া) নেতারাও এই ধরনের ক্ষয়ক্ষতির জন্য প্রস্তুত।”
