২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলের ‘বর্বর’ হামলা: বিশ্বজুড়ে নিন্দার ঝড়

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলের হামলায় দুই শতাধিক মানুষ নিহত হওয়া ছাড়াও ১ হাজার মানুষ আহত হয়েছে।

লেবাননে ইসরায়েলের ‘বর্বর’ হামলা: বিশ্বজুড়ে নিন্দার ঝড়
লেবাননে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 10:30 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সৃষ্টি হয়েছে ক্ষোভ। 

কেবল বুধবারেই রাজধানী বৈরুত, বেকা ভ্যালি, মাউন্ট লেবানন, সিদোন ও অন্যান্য আরও কয়েকটি গ্রামে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০৩ জন নিহত এবং ১ হাজার জন আহত হওয়ার তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়।

এর আগে লেবাননের সিভিল ডিফেন্স হামলায় নিহতের সংখ্যা ২৫০ জনের বেশি বলে জানিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের এই হামলাকে ২ মার্চের পর লেবাননে তাদের ‘বৃহত্তম সমন্বিত হামলা’ হিসেবে অভিহিত করেছে। 

তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই রক্তপাতকে সদ্য ঘোষিত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য বড় হুমকি হিসেবে দেখছে। লেবাননে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হল:

লেবানন ও হিজবুল্লাহ:

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। 

ইসরায়েল প্রতিদিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আধুনিক ইতিহাসে নজিরবিহীন হত্যাকাণ্ড চালাচ্ছে।” 

লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার জুতসই জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে। 

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির ‘মারাত্মক লঙ্ঘন’। এটি অব্যাহত থাকলে পুরো চুক্তির ওপর এর বিরূপ প্রভাব পড়বে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র:

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, লেবাননের বাস্তবতা পরিবর্তনের জন্য তারা ইরান যুদ্ধ থেকে লেবাননের লড়াইকে আলাদা রাখতে চান। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চলবে।

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে লেবাননকে যুদ্ধবিরতির বাইরে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছেন। 

তবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মন্তব্য করেছেন, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অংশ কি না তা নিয়ে ইরানের সঙ্গে একটি ‘যৌক্তিক ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছে।

ইরান ও পাকিস্তান:

ইরানের ইসলামিক লেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এর পাল্টা জবাব দেবে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, “যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, হয় যুদ্ধবিরতি, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া।”

যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগে জানিয়েছিলেন, লেবাননসহ সব জায়গায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। 

কিন্তু ইসরায়েল তা নাকচ করে এবং পরে হোয়াইট হাউজও জানায়, লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়ে না।

পাকিস্তানের উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ শান্তি প্রক্রিয়ার জন্য নেতিবাচক পরিবেশ তৈরি করছে।

ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া:

ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোট বলেছেন, যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। 

তবে তিনি ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করা এবং লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসকে সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানান।

ইতালি: পররাষ্ট্রমন্ত্রী আন্তেনিও তাজানি ইসরায়েলের হামলাকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে লেবাননকে ‘দ্বিতীয় গাজা’ না বানানোর সতর্কবার্তা দিয়েছেন।

স্পেন: প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মকাণ্ডকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া:

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উভয়েই জোর দিয়ে বলেছেন যে, এই যুদ্ধবিরতি অবশ্যই লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। 

কুপার আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবশ্যই টোল-মুক্ত হতে হবে।

আরব বিশ্ব ও তুরস্ক:

কাতার, মিশর ও তুরস্ক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতার একে ‘বর্বর হত্যাকাণ্ড’ এবং লেবাননের সার্বভৌমত্বের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে। 

মিশর সতর্ক করে বলেছে যে, ইসরায়েল পুরো অঞ্চলকে ‘চরম বিশৃঙ্খলার’ দিকে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘ ও রেড ক্রস:

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’। 

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক লেবাননে ইসরায়েলের হত্যাযজ্ঞকে ‘ভীষণ ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। 

আন্তর্জাতিক রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধ্বংসযজ্ঞে তারা স্তম্ভিত।