হরমুজ অবরোধের পর ইরানের নজর প্রণালির আরও গভীরের সাবমেরিন তারে
ইরান এবার হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে বিছিয়ে থাকা ইন্টারনেট সংযোগ রক্ষাকারী এই তারগুলোর জন্য প্রযুক্তি সংস্থাগুলোর কাছ থেকে ভাড়া আদায় করতে চায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করেছে ইরান। এতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য। তার মধ্যেই এবার ইরান নজর দিয়েছে হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল বা তারের দিকে।
ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগ রক্ষা করে এই সাবমেরিন ফাইবার অপটিক তার। হরমুজ প্রণালির গভীরে বিছিয়ে থাকা এই তারগুলো দিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেটের বড় একটি অংশ ও ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন পরিচালিত হয়।
ইরান এবার এই তারগুলোর জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলোর কাছ থেকে ভাড়া আদায় করতে চায়। ইরানের সরকার-সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমে প্রশাসন প্রচ্ছন্নভাবে এমন হুমকিও দিয়েছে যে, বিশ্বের নামকরা প্রযুক্তি সংস্থাগুলো ভাড়া না দিলে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের আইনপ্রণেতারা গত সপ্তাহে এ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। পরিকল্পনা অনুযায়ী, ইউরোপ ও এশিয়ার সঙ্গে আরব দেশগুলোর সংযোগ রক্ষাকারী সাবমেরিন তারগুলোকে নিশানা করতে পারে ইরান।
এক্স অ্যাকাউন্টে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি লিখেছেন, ‘‘ইন্টারেনেটের তারে ভাড়া চাপাব আমরা।’’
ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সম্পৃক্ত একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান যে ইন্টারনেট তারের জন্য রাজস্ব আয়ের পরিকল্পনা করেছে, তাতে গুগ্ল, মেটা, মাইক্রোসফ্ট, অ্যামাজনের মতো সংস্থাগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে।
তাছাড়া, সাবমেরিন কেবল সংস্থাগুলোকে ‘কেবল প্যাসেজ’-এর জন্য লাইসেন্স ফি দিতে হবে। পাশাপাশি সেই তারগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব দিতে হবে কেবলই ইরানের সংস্থাগুলোকে।
কয়েকটি প্রযুক্তি সংস্থা হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরে ইন্টারনেটবাহী তারগুলো পাততে বিনিয়োগ করেছে। তবে এগুলো ইরানের জলসীমা অতিক্রম করেছে কিনা তা স্পষ্ট নয়।
ওদিকে, মেটা, মাইক্রোসফ্টের মতো প্রযুক্তি সংস্থা ইরানের চাপের কাছে মাথা নত করবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কারণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই সংস্থাগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে যেতে পারবে না। ফলে সংস্থাগুলো ইরানের হুঁশিয়ারিকে তেমন গুরুত্ব নাও দিতে পারে।
তবে ইরানের সরকার-সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোতে প্রচ্ছন্নভাবে হলেও কড়া হুঁশিয়ারি দিয়েই বলা হয়েছে যে, গভীর সমুদ্রে পাতা এই তারের ক্ষতি হলে ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে নামকরা প্রযুক্তি সংস্থাগুলোর। গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবাও ধাক্কা খেতে পারে।
গোটা বিশ্বে সংযোগ রক্ষার অন্যতম মেরুদণ্ড হরমুজ প্রণালিতে পাতা সাবমেরিন তার। সেগুলোর কোনওরকম ক্ষতিতে ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবাও। তাছাড়া, বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সংযোগ, রিমোটের মাধ্যমে কাজ, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং পরিষেবা ভেঙে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফেরার পরই আবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। এতে ইরানের সঙ্গে সংঘাত আবার উস্কে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তার মধ্যেই ইরান হুঁশিয়ারি দিয়ে দিল যে, এ বার তাদের নিশানার পরিসর আরও বড়।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ ইকোনমিকসের পশ্চিম এশিয়ার প্রধান দিনা এসফান্দিয়ারি বলছেন, “ইরানের লক্ষ্য বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া, যাতে কেউ আবার তাদেরকে আক্রমণ করার কথা না ভাবে।”
তবে হরমুজ প্রণালির গভীরে অনেক ইন্টারনেটবাহী তার বিছানো থাকলেও সবক’টি ইরানের জলসীমার মধ্যে দিয়ে যায়নি। সতর্কভাবেই আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানি জলসীমা এড়িয়ে তার বিছিয়েছে। ওমানের জলসীমার মধ্যে দিয়ে তার বিছানো হয়েছে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের হাবতুর গবেষণা কেন্দ্রের গবেষক মোস্তফা আহমেদ।
ওদিকে, টেলিকম গবেষণা সংস্থা ‘টেলিজিওগ্রাফি’-র গবেষক আলান মলদিন অবশ্য বলছেন, ফ্যালকন এবং গাল্ফ ব্রিজ ইন্টারন্যাশনাল (জিবিআই)-এর তারগুলো ইরানের জলসীমার মধ্যে দিয়েই গেছে।
ইরান সরাসরি সেই তারের ক্ষতি করা নিয়ে কোনও হুঁশিয়ারি দেয়নি। তবে সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, আইনপ্রণেতা ও কর্মকর্তারা বার বার হুঁশিয়ারি দিয়েছে ওই অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদেশগুলোকে শাস্তি দেওয়ার।
ইরানের রেভল্যুশনারি গার্ডের আছে কমব্যাট ডাইভার, ছোট সাবমেরিন, পানির নিচের ড্রোন। এগুলো দিয়ে তারা পানির নিচের তারে বিঘ্ন ঘটানোর সক্ষমতা রাখে বলেই জানিয়েছেন গবেষক মোস্তফা আহমেদ। তারগুলোতে যে কোনও হামলা কয়েকটি মহাদেশজুড়ে ‘ডিজিটাল বিপর্যয়’ ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ওদিকে, লোহিত সাগরে ইরানের ছায়াগোষ্ঠীগুলো একইরকম পদক্ষেপ নিলে আরও বড় বিপর্যয় ঘটতে পারে। ২০২৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতির জাহাজের নোঙরে ছিঁড়ে গিয়েছিল তিনটি তার। ওই ঘটনায় অঞ্চলটির ইন্টারনেট পরিষেবার ২৫ শতাংশ ব্যাহত হয়েছিল বলে জানিয়েছে হংকংয়ের এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস।
গভীর সমুদ্রে পাতা তার বিচ্ছিন্ন করে শত্রুপক্ষকে বিপাকে ফেলার কৌশল নতুন নয়। ১৮৫০ সালে প্রথম ইংলিশ চ্যানেলে সমুদ্রতলদেশে পাতা হয়েছিল টেলিগ্রাফ তার। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির টেলিগ্রাফ তার কেটে দিয়েছিল ব্রিটেন। ফলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি জার্মানি।
ইরানও এবার সে পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। ব্লুমবার্গ ইকোনমিকসের পশ্চিম এশিয়া প্রধান এসফান্দিয়ারির মতে, এতদিন ইরান জানত, হরমুজ তাদের হাতে। কিন্তু এর অন্যান্য শক্তি নিয়ে কাজ করলে তা কতটা গুরুতর প্রভাব ফেলতে পারে সেটি তারা নিশ্চিতভাবে জানত না। এখন তারা এই প্রভাবের বিষয়টি ধীরে ধীরে বুঝতে পারছে।
