হজ-ওমরাহ করতে নারীদের আর পুরুষ অভিভাবকের প্রয়োজন নেই
মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা সৌদি আরব গিয়ে হজ ও ওমরাহ পালন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।
মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা সৌদি আরব গিয়ে হজ ও ওমরাহ পালন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তউফিক বিন ফাওজান।
সৌদি আরবের কায়রো দূতাবাসে এক সংবাদ সম্মেলনে অন্যান্য ঘোষণার সঙ্গে এ ঘোষণাও আসে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।
এসপিএ-র বরাত দিয়ে আরব নিউজ গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে। খবরে বলা হয়, মিশরে সৌদি আরবের রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুগালি এবং মন্ত্রণালয় ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন।
‘হজ অ্যান্ড ওমরাহ সার্ভিস অ্যাডভাইজার’ আহমেদ সালেহ হালাবি বলেন, ‘‘এখন থেকে একজন নারীর জন্য মাহরাম (বৈধ পুরুষ অভিভাবক) ছাড়াই হজ বা ওমরাহ করা জায়েয। তার সাথে হজ বা ওমরাহ করার জন্য বিশ্বস্ত নারী বা নিরাপদ সংস্থা থাকলেই চলবে। এটা মালিকি এবং শাফিই আলেমদের অভিমত।”
হালাবি আরো বলেন, ‘‘মিশরের আল-আজহার আল-শরিফের ফতোয়া তত্ত্বাবধায়ক আব্বাস শোমান গত মার্চে ঘোষণা করেছিলেন, একজন নারীর সঙ্গে মাহরাম ছাড়া হজ এবং ওমরাহ পালনের অনুমতি রয়েছে।”
এ বিষয়ে লেখিকা এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফাতেন ইব্রাহিম হুসাইন বলেন, সৌদি আরব সরকার তাদের সৌদি ভিশন-২০৩০ অনুসারে হজ ও ওমরাহ করতে আসা সবাইকে সব ধরনের সুবিধা প্রদাণ করবে।
তিনি বলেন, ‘‘মাহরাম নিয়ে যাওয়ার বাধ্যবাধকতা না থাকলে নারীদের জন্য ওমরাহ পালন অনেক সহজ হয়ে যাবে। কারণ, অনেক নারী ওমরাহ পালনে প্রচণ্ড আগ্রহী হলেও সামাজিক নানা কারণে তাদের পক্ষে একজন মাহরাম যোগাড় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, হয়ত মাহরাম খুঁজেই পান না বা এজন্য তারা অনেক অর্থ ব্যয় করতে বাধ্য হন।
‘‘সৌভাগ্যজনকভাবে, এ ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ইতিবাচক ভূমিকা রেখেছে।” যখন দুর্নীতি কমে যাবে তখন সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ‘‘সৌদি আরব জুড়ে নিরাপত্তা বাড়ছে এবং সব ধরনের পরিবহন এবং বন্দরে নারীদের পূর্ণ নিরাপত্তা দেয়া হচ্ছে। তার উপর হয়রানির বিরুদ্ধে ব্যবস্থাসহ আইনের শক্তিশালী অবকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যারা আইনভঙ্গ করার চিন্তা করছে তাদের শাস্তির মাধ্যমে প্রতিরোধ করা হবে।”
বিমানবন্দর, স্থলবন্দর, গ্র্যান্ড মসজিদ, নবীর মসজিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে একজন নারী এখানে নিরাপদ, বিশেষ করে যখন তিনি অন্যান্য ভালো নারীদের সঙ্গী হবেন বলে মনে করেন হুসাইন।
তিনি বলেন, ‘‘অনেক নারী আছেন যারা মাহরাম ছাড়াই সৌদি আরবে কাজ করতে আসেন এবং এখন নিরাপত্তাহীনতা জনিত উল্লেখ করার মত তেমন ঘটনা এখন আর ঘটে না। আমরা যে সমাজে বসবাস করছি সেটিকে ধন্যবাদ।
এখান নারীদের মাহরাম ছাড়া আসার ক্ষেত্রে আর কোনো ভয় নেই। যে কারণে মাহরাম আনা বাধ্যতামূলক ছিল সেটার (নিরাপত্তা আশঙ্কা) অস্তিত্বই আর নেই।”
