২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশুর জন্ম চান জে ডি ভ্যান্স

ওয়াশিংটন মনুমেন্টের কাছে বার্ষিক ‘মার্চ ফর লাইফ’ নামক গর্ভপাত-বিরোধী এক জনসমাবেশের ভাষণে একথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 08:27 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তার উদ্বোধনী ভাষণে বলেছেন, “যুক্তরাষ্ট্রে আরও শিশুর জন্ম” চান তিনি। 

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, গত শুক্রবার ওয়াশিংটন মনুমেন্টের কাছে বার্ষিক ‘মার্চ ফর লাইফ’ নামক গর্ভপাত-বিরোধী এক জনসমাবেশের ভাষণে ভ্যান্স একথা বলেন। 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের এটিই প্রথম কোনও সমাবেশে দেওয়া ভাষণ। এর মধ্য দিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের জীবন-পন্থি ও পরিবারের বিকাশের নীতিতেই জোর দিয়েছেন তিনি। 

সমাবেশে নানা প্ল্যাকার্ড হাতে অংশ নেওয়া বহু মানুষের উদ্দেশে ভাষণে ডেমোক্র্যাট শিবিরকে একহাত নিয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন,  “চাহিদার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এত দিন গর্ভপাতের সংস্কৃতিকেই প্রশ্রয় দিয়ে একটি গোটা প্রজন্মের কাছে আমরা হেরে গেছি।

“একটি প্রজন্মকে আরেকটি প্রজন্ম হয়ে একটি সমাজের মূল অংশ হিসাবে থাকতে দেওয়ার বাধ্যবাধকতাকে স্বীকৃতি দিতে আমাদের সমাজ ব্যর্থ হয়েছে। সুতরাং আমি খুব সহজ ভাষায় বলতে চাই, আমি যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই।”

ভ্যান্স আরও বলেন, ‘‘আমরা আজ হাঁটছি না জন্মানো শিশুদের অধিকার রক্ষায়। আমরা এও ঘোষণা করতে চাই যে, প্রতিটি শিশুই মিরাকল এবং ঈশ্বরের আশীর্বাদ।’’

জনসমাবেশে জীবনকে উদ্যাপনের বার্তা দিয়ে ভ্যান্স বলেছেন, পরিবারগুলোকে সন্তান লালন পালনে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আরও বেশি কিছু করা উচিত। 

তার কথায়, ‘‘কোনও দেশ কতটা উন্নত তা তার প্রবৃদ্ধি (জিডিপি) বা শেয়ার বাজারের নমুনা দেখে নির্ধারণ করা যায় না। বরং তা নির্ধারিত হয় একটা দেশে কোনো পরিবার কতটা আত্মবিশ্বাসের সঙ্গে শিশুসন্তানকে বড় করে তুলতে পারছে সেটি দেখে।’’

ভ্যান্স বলেন, “আমি দেশে আরও হাসিখুশি শিশুসন্তান দেখতে চাই। আর সুন্দর তরুণ নারী-পুরুষও চাই যারা এই শিশুদের বিশ্বে স্বাগত জানাবে এবং তাদেরকে লালন-পালন করতে আগ্রহী থাকবে।

“যুক্তরাষ্ট্রের মানুষের উচিত এমন এক সংস্কৃতিতে বিশ্বাস করা যেখানে জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়”, বলেন তিনি।

ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঊষা চিলুকুরি ভ্যান্স। তিন সন্তান রয়েছে তাদের। 

ভ্যান্স ও ট্রাম্পের রিপাবলিকান শিবির বরাবরই গর্ভপাতের বিরোধিতা করে এসেছে। নির্বাচনী প্রচারে এ নিয়ে ট্রাম্পকে বহুবার কটাক্ষও করেছিলেন গর্ভপাতের পক্ষে প্রচার চালানো তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।